রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে প্রচারণা চালাতে গিয়ে এক নারী সদস্য প্রার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো—বাগমারা উপজেলার মাহাবুর রহমান (২৮), আকবর হোসেন (৩৫), সোহেল রানা (২৪), দুলাল হোসেন (২৫) ও ফজলুর রহমান (৪৮)।
ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর করা মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, আসন্ন জেলা পরিষদ নির্বাচনের প্রচারণা চালাতে গিয়ে এক নারী সদস্যপ্রার্থী বাগমারা উপজেলায় যান। প্রচারণা শেষ হতে রাত হয়ে যায়। বাড়ি ফেরার পথে পাঁচ ব্যক্তি তার গতিরোধ করে। এ সময় তাকে তুলে নিয়ে অস্ত্রের মুখে সংঘবদ্ধ ধর্ষণ করে তারা। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে চিকিৎসা নেন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থানায় তিন জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও দুই জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী। এরপর পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় আসামিদের গ্রেফতারে তৎপরতা শুরু করে। পরদিন শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে পাঁচ জনকে গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, হাসপাতাল থেকে ফিরে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন ওই প্রার্থী। আগামী ১৭ অক্টোবর নির্বাচনের ভোটগ্রহণ হবে। এক স্বজনকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন ওই নারী সদস্যপ্রার্থী।
তিনি বাগামারা স্থানীয় গণমাধ্যমকর্মীকে জানান, ধর্ষণের ঘটনায় অনেকটা ভেঙে পড়েছেন। তবে প্রচারণা চালাতে গিয়ে যেহেতু নির্যাতনের শিকার হয়েছেন, তাই এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে মাঠেই আছেন তিনি। ভোটারদের কাছ থেকে সাড়া পাচ্ছেন বলে দাবি করেছেন। দ্রুত সময়ের মধ্যে আসামিদের শনাক্ত করে গ্রেফতার করায় পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেন ভুক্তভোগী।








