বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘আগামী ৩ ডিসেম্বর (শনিবার) রাজশাহীর গণসমাবেশে যোগ দিতে বিএনপি নেতাকর্মীরা যাত্রা শুরু করবেন ৩০ নভেম্বর। পায়ে হেঁটে, ট্রেনে, নৌকায়, বাসে যে যেভাবে পারবেন যাত্রা শুরু করবেন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দিলে বিএনপি নেতাকর্মীদের বাঁধভাঙা নদীর স্রোতের মতো তোড়ে খড়কুটো হয়ে উড়ে যাবে তারা।’ এ জন্য সব নেতাকর্মীকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।
শনিবার (১২ নভেম্বর) দুপুরে নাটোর শহরের আলাইপুর এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত বিভাগীয় গণসমাবেশের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিনু বলেন, ‘বিজয়ের মাসের শুরুতেই আয়োজন করা হয়েছে রাজশাহী বিভাগীয় গণসমাবেশ। বিজয়ের মাসে আয়োজিত রাজশাহীর গণসমাবেশে বিএনপি নেতাকর্মীদের ঢল নামবে। আর ওই সমাবেশে নাটোর থেকেই লক্ষাধিক নেতাকর্মী যাবে।’
জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে আয়োজিত ওই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ এবং জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ।








