সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, মার্চ মাস হচ্ছে বাংলাদেশের অর্জনের মাস। এই মাসে অর্জিত স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশকে আন্তর্জাতিক মানদণ্ডে গড়ে তুলতে হবে। জনসেবায় সরকারি প্রতিষ্ঠানগুলোকে স্মার্ট হতে হবে। শুধু অবকাঠামো নির্মাণই স্মার্টনেস না, সুন্দর অবকাঠামোতে মানুষকে সর্বোচ্চ সেবা দেওয়াই হচ্ছে কর্মকর্তাদের স্মার্টনেস। স্মার্ট বাংলাদেশ গড়তে সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।
রবিবার (৫ মার্চ) পাবনার বেড়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের আয়োজনে নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব। উন্নত দেশগুলোও যেখানে করোনা ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব মোকাবিলা করতে গিয়ে হিমশিম খাচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী বাংলাদেশকে অনেকদূর এগিয়ে নিয়েছেন।
পাবনা জেলা রেজিস্ট্রার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলায়েত আলী বিল্লু, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম।








