কাউন্সিলর হতে চান তৃতীয় লিঙ্গের সাগরিকা, বললেন ‘মানুষ ভিন্ন ধরনের নেতৃত্ব চায়’

রাজশাহী প্রতিনিধি
০২ মে ২০২৩, ২২:৪৭আপডেট : ০২ মে ২০২৩, ২২:৪৭

আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর পদে লড়তে চান তৃতীয় লিঙ্গের সুলতানা আহমেদ সাগরিকা। মঙ্গলবার (২ মে) দুপুরে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র তুলেছেন তিনি। 

মনোনয়নপত্র তোলার পর সুলতানা আহমেদ সাগরিকা বলেন, ‘সমাজের সব বাধা পেরিয়ে জনগণের সেবা করতে চাই। তৃতীয় লিঙ্গের মানুষও যে সবার মতো মানুষকে ভালোবাসতে পারে এবং জনগণের সেবা করতে পারে, তা দেখিয়ে দিতে চাই। আমরাও জনগণের সেবা করতে জানি। এই সুযোগটা করে দেওয়ার জন্য ওয়ার্ডবাসীর কাছে দোয়া ও ভোট চাই। তবে মানুষ এখন ভিন্ন ধরনের নেতৃত্ব চায়।’

রাসিকের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত জোন-৭ থেকে ভোটের লড়াইয়ে নামতে চান সাগরিকা। মনোনয়নপত্র তোলার সময় তার সঙ্গে ছিলেন দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা শরীফ সুমন, বিভাগীয় হিজড়া গুরু রিনা খান, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা মুহীন ও কোষাধ্যক্ষ জুলি।

সাগরিকা বলেন, ‘তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ায় নবম শ্রেণিতে ওঠার পর আর স্কুলে টিকতে পারিনি। সহপাঠীদের টিপ্পনীতে স্কুল ছাড়তে হয়। শুধু তাই নয়, সমাজের ও পারিপার্শ্বিক মানুষের লাগাতার অত্যাচার ও চাপে একসময় মা-বাবা এবং বাড়ি ছেড়ে সংগ্রামী জীবন বেছে নিতে হয়। আমার রয়েছে নানা তিক্ততা ও অভিজ্ঞতা।’

তৃতীয় লিঙ্গের সন্তানরা ভিনগ্রহের মানুষ নয় উল্লেখ করে সাগরিকা বলেন, ‘তারা এই পরিবার, সমাজ তথা দেশের মানুষ। তারা কোনও কোনও বাবা-মায়ের মাধ্যমে পৃথিবীতে এসেছে। কিন্তু পরিতাপের বিষয় একশ্রেণির মানুষ আমাদের মানুষ হিসেবে মানতে চায় না। অথচ সরকার আমাদের স্বীকৃতি দিয়েছে। সরকারের এই স্বীকৃতি ও ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার কারণে আজ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ।’

মূলত একটা প্ল্যাটফর্ম তৈরির কাজ করছি জানিয়ে সাগরিকা বলেন, ‘এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে জনগণের ও আমার সম্প্রদায়ের মানুষের অধিকারের কথা বলতে চাই। মাঠপর্যায়ে প্রতিদিন মানুষের সঙ্গে নানা বিষয়ে কথা বলছি। মানুষ এখন ভিন্ন ধরনের নেতৃত্ব চায়। হিজড়াদের যোগাযোগ সক্ষমতা অন্যদের চেয়ে বেশি। নারী কাউন্সিলররা রাত-বিরাতে চলতে পারেন না। পুরুষরাও নারীদের নিয়ে কাজ করতে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। কিন্তু হিজড়াদের বেড়ে ওঠা অন্যদের থেকে আলাদা। এ জন্য যেকোনো সময় মানুষের বিপদ-আপদে পাশে দাঁড়াতে পারবো আমি।’

সিটি নির্বাচনে ভোটের মাঠে বড় চ্যালেঞ্জ আছে উল্লেখ করে সাগরিকা বলেন, ‘ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বীরা নানান কথা ছড়াচ্ছেন। তারা বলছেন, হিজড়া জনপ্রতিনিধি হলে অত্যাচার বেড়ে যাবে। হিজড়াদের সম্পর্কে আগে যে ধ্যান-ধারণা ছিল, তা সামনে আনার চেষ্টা করছেন তারা। তবে জনগণ আমাদের ভালোবাসতে শিখে গেছে। অনেক জায়গায় আমাদের সম্প্রদায়ের জনপ্রতিনিধিরা ভালো কাজ করছেন। সব বাধা অতিক্রম করে আমিও মানুষের জন্য ভালো কাজ করতে চাই।’

সাগরিকার বাড়ি নগরীর শাহমখদুম থানার শিল্পীপাড়া এলাকায়। মা-বাবার চার সন্তানের একজন তিনি। বাবা মারা গেছেন। বর্তমানে মা-বোন একসঙ্গে থাকেন। তিনি মাঝেমধ্যে বাড়িতে যান। তবে মায়ের ভরণপোষণের দায়িত্ব তার কাঁধে।

এদিকে, রবিবার থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সংরক্ষিত পদে ১৬ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন মনোনয়নপত্র তুলেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।

তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হলে রবিবার থেকে তোলা শুরু করেন প্রার্থীরা। ইতোমধ্যে কয়েকজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে অনেকে জমা দেননি। মেয়র পদে এখনও কেউ মনোনয়নপত্র তোলেননি। প্রার্থীরা চাইলে যেকোনো সময় এসে মনোয়নপত্র তুলতে পারবেন। তবে প্রার্থীদের মানতে হবে নির্বাচনি আচারণবিধি। কোনও অবস্থায় আচারণ বিধি লঙ্ঘন করা যাবে না।’

এবার রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ৩ লাখ ৫২ হাজার ১৫৭ ভোটার। এর মধ্যে নতুন ভোটার ৩০ হাজার ১৫৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৮৫ এবং নারী ১ লাখ ৮০ হাজার ৯৭২। এর মধ্যে ৩০ হাজার ১৫৭ জন প্রথম ভোট দেবেন। গত বছর ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ২২ হাজার।

এবার সম্ভাব্য ১৫২ কেন্দ্রের ১১৭৩টি কক্ষে ইভিএমে ভোটগ্রহণ হবে। ২৩ মে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২ জুন প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান