রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও ইভিএম নিয়ে অসন্তোষের কথা বলেছেন। তার অভিযোগ, ইভিএম খুবই ধীরগতিতে কাজ করছে। একটি ভোট দিতেই লাগছে সাত থেকে আট মিনিট।
বুধবার (২১ জুন) সকাল সোয়া ১০টার দিকে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের আটকষি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি।
ভোট দেওয়া শেষে স্বপন বলেন, ‘আমি নগরীর পলিটেকনিক স্কুল কেন্দ্র, টিটিসি, নওদাপাড়াসহ ছয়টি কেন্দ্র ঘুরে দেখেছি। এসময় আমি দেখেছি ইভিএম খুবই ধীরগতিতে কাজ করছে। একটি ভোট দিতেই লাগছে সাত থেকে আট মিনিট। এক ঘণ্টায় ৮ থেকে ১০টি ভোট নেওয়া হচ্ছে। এভাবে ইভিএম কাজ না করলে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮ ঘণ্টায় অর্ধেক ভোটও হবে না ইভিএমে।’
তিনি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য নির্বাচন কমিশনের টেকনিক্যাল টিমের প্রতি অনুরোধ জানান।
ভোটের সামগ্রিক পরিবেশ সম্পর্কে জাপা প্রার্থী বলেন, ‘ভোট সুন্দর পরিবেশে হচ্ছে। এখন পর্যন্ত কোথাও অনিয়ম তার চোখে পড়েনি। কারও পক্ষ থেকে অভিযোগও শুনিনি।'
ভোটের ফলাফলের বিষয়ে স্বপন জানান, ভোটের ফলাফল যাই হবে তিনি তা মেনে নেবেন। জনগণের রায়কে সম্মান জানাবেন।
রাজশাহী সিটিতে ভোটার রয়েছেন ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ১৬৭ জন এবং নারী ১ লাখ ৮০ হাজার ৮০৯ জন, হিজড়া ৬ জন। ভোটকেন্দ্র ১৫৫টি এবং ভোটকক্ষ ১ হাজার ১৫৩টি।
মেয়র পদে অন্য প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের এইচ এম খায়রুজ্জামান লিটন (নৌকা); ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরশিদ আলম (হাতপাখা) এবং জাকের পার্টির মো. লতিফ আনোয়ার (গোলাপ ফুল)। এ ছাড়া ১০টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৬ জন এবং ৩০টি সাধারণ কাউন্সিলর পদে ১১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।









