বগুড়ার দুপচাঁচিয়ায় পারিবারিক বিরোধে সৎ বড় ভাই শহীদ হাসান সুইটের ছুরিকাঘাতে ছোট ভাই শহীদ হোসেন মাসুম (৩৪) হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৮ জুন) রাতে উপজেলার সিও মোড় এলাকায় ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিস সংলগ্ন পানের দোকানে এ ঘটনা ঘটে।
বড় ভাই সুইটকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
নিহত মাসুম দুপচাঁচিয়া উপজেলার ডিমশহর তালুকদারপাড়ার সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেনের ছেলে। তিনি ট্রাক শ্রমিক ইউনিয়ন দুপচাঁচিয়া উপজেলা শাখা অফিসের পিয়ন পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে মাসুম কর্মস্থলের পাশে বাচ্চু মিয়ার পান দোকানের সামনে ছিলেন। এ সময় বড় ভাই পেশায় রঙ মিস্ত্রি সুইট সেখানে এসে মাসুমের সঙ্গে বাকবিতন্ডা শুরু করেন। এক পর্যায়ে সুইট কাছে থাকা ছুরি দিয়ে মাসুমের বুকে ও পিঠে আঘাত করেন। রক্তাক্ত মাসুমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। ঘটনার পরপরই জনগণ সুইটকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুইট জাননিয়েছেন তার স্ত্রীর সঙ্গে মাসুম প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তাই স্ত্রী ছয় মাস আগে তাকে ছেড়ে বাপের বাড়ি চলে যায়। এ ক্ষোভ থেকে তিনি ছোট ভাই মাসুমকে ছুরিকাঘাতে হত্যা করেছেন। মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুইটকে আদালতে পাঠানো হয়েছে।









