রাজশাহীতে গত কয়েকদিন থেকে দেখা মেলেনি সূর্যের। কিছুক্ষণের জন্য উঁকি দিলেও স্থায়ী হয়নি বেশিক্ষণ। গত কয়েকদিনেও তাপমাত্রা ছিল নিম্নমুখী। এর মধ্যে যোগ হয়েছে বৃষ্টি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আরও শীত বাড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর ২টা পর্যন্ত সূর্যের দেখা যায়নি।
আজ ভোর ৬ টা ১০ মিনিটে শুরু হয় বৃষ্টি। শেষ হয় ৬টা ৩৬ মিনিটে। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শূন্য দশমিক ২ মিলিমিটার। তবে বৃষ্টি ছিল গুঁড়ি গুঁড়ি। এই বৃষ্টিতে দিনের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মাঘ মাসের শুরু থেকে থেকে ছিল আকাশ মেঘাচ্ছন্ন। পরপর দুই দিন একই অবস্থায় ছিল। বৃষ্টি ও শীত উপেক্ষা করে শ্রমজীবী মানুষ জীবিকার তাগিদে কাজকর্ম চালিয়ে যাচ্ছেন।
রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, ভোর ৬টা ও সকাল ৯টায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত দুই দিনে তাপমাত্রা আরও বেশি ছিল। এই বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রা বাড়বে ও রাতের তাপমাত্রা কমবে। তবে আরও একটি শৈত্যপ্রবাহের আশঙ্কা আছে। সেটা এ মাসের শেষের দিকে।








