পঞ্চগড় জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আমিনুর রহমানকে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে জেএমবি। বৃহস্পতিবার বিকালে পঞ্চগড় পোস্ট অফিসের পিয়ন জেলা আইনজীবী সমিতি ভবনে আমিনুর রহমানের ব্যক্তিগত অফিস কক্ষে এই চিঠি পৌঁছে দেন।
এ ঘটনায় তিনি পঞ্চগড় থানায় সাধারণ ডায়েরি করেছেন। এছাড়া, তিনি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা আইনজীবী সমিতি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
দেবীগঞ্জে মঠের অধ্যক্ষ জজ্ঞেশ্বর রায় হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত জেএমবি সদস্যদের মামলা পরিচালনা করায় তাকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে ধারণা করছেন পিপি।তিনি জেএমবি প্রেরিত হুমকির চিঠি প্রাপ্তির বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন।
পুলিশ জানায়, আদালতের পিপি আমিনুর রহমানের নামে ডাক যোগে আসা চিঠিতে পৃথিবী থেকে তাকে চিরতরে বিদায় জানানোর কথা বলা হয়েছে। তার ক্ষতবিক্ষত লাশের টুকরা শেয়াল ও কুকুরকে দিয়ে খাওয়ানোর কথা উল্লেখ করে এর করুণ পরিণতি জনসাধারণ দেখবে বলেও লেখায় উল্লেখ করা হয়েছে। প্রেরকের নাম ছাড়া সাদা কাগজে হাতে লেখা এক পৃষ্ঠার ওই চিঠির নিচের অংশে জেএমবি লেখা রয়েছে।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম মমিন বলেন, পঞ্চগড় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এটি একটি উড়ো চিঠি হলেও বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছি।
/বিটি/এমএনএইচ/







