রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো বই ‘মুক্তিযুদ্ধে ইতিহাস’। মুহম্মদ জাফর ইকবালের লেখা ছোটদের এই বই মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শিশুদের হাতে তুলে দেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।
তিনি ব্যক্তিগত উদ্যোগে এ বই বিতরণ করেন। আগামী ২৬ মার্চের মধ্যে রাজশাহী মহানগরীর ৫০ হাজার শিক্ষার্থীর মাঝে এ বই পৌঁছে দেওয়া হবে বলে বাদশা জানান।
এদিকে, বই বিতরণ উপলক্ষে মহানগরীর কলেজিয়েট স্কুল মাঠে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। সকালেই শিশু শিক্ষার্থীদের নিয়ে মাঠে হাজির হন অভিভাবকরা। পরে আনুষ্ঠানিকভাবে সবার হাতে বই তুলে দেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
এ সময় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মুহম্মদ জাফর ইকবালের লেখা এ বইটি পড়ে শিশুরা সহজেই জানতে পারবে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। মূলত মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, মুক্তিযোদ্ধা কমান্ডার রাজশাহী মহানগর ডা. আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা ও কবি রুহুল আমিন প্রামানিক প্রমুখ।
/বিটি/টিএন/আপ-এআর/








