বগুড়া শহরের জলেশ্বরীতলায় এক পোশাকের গায়ে দুই দাম লাগিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করায় ‘স্পার্ক গিয়ার’ ফ্যাশন হাউসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মেহেদী হাসান।
বিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শহরের জলেশ্বরীতলা এলাকায় ‘স্পার্ক গিয়ার’ ফ্যাশন হাউসে এক পোশাকে দুই মূল্য ট্যাগ লাগিয়ে বিক্রির অভিযোগ পাওয়া যায়। ওই প্রতিষ্ঠানের শোরুমে অভিযান চালিয়ে দেখা যায়, একই পণ্যের গায়ে দুটি ভিন্ন দামের ট্যাগ লাগানো হয়েছে। এ ব্যাপারে প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের কাছে ব্যাখ্যা চাওয়া হলে তিনি জবাব দিতে পারেননি। দুটি ভিন্ন মূল্যের চালান কপিও দেখাতে পারেননি। তারা এভাবে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করেছিল। পরে ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে এমন অপরাধ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
অভিযানের সময় কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা টাস্কফোর্স কমিটির দুই শিক্ষার্থী এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।








