এবার সারদায় প্রশিক্ষণরত ২৫ এএসপিকে কারণ দর্শানোর নোটিশ

রাজশাহী প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৮আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৮

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম বিসিএস ব্যাচের ২৫ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গতকাল রবিবার একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) তানভীর সালেহীন ইমন স্বাক্ষরিত এক আদেশে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, প্রশিক্ষণ চলাকালে এলোমেলোভাবে হেঁটেছেন।

প্রশিক্ষণে থাকা ২৫ জন এএসপিকে পৃথকভাবে ওই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর জানান, প্রশিক্ষণে বিশৃঙ্খলার অভিযোগে ওই ২৫ জনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তবে এ ব্যাপারে জানতে একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমানকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। আরেক কর্মকর্তা তানভীর সালেহীনও ফোন ধরেননি।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, ‘গত ২৬ নভেম্বর সাপ্তাহিক প্রশিক্ষণ কর্মসূচি অনুযায়ী বিকালের সেশনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্যারেড চালু হওয়ার পর কোম্পানির দায়িত্বপ্রাপ্ত সিএএসআই কেন্দ্রীয় কমান্ডের অংশ হিসেবে দৌড়ের নির্দেশ দিলে আপনি আরও কয়েকজনের সঙ্গে যোগসাজশ করে দৌড় না দিয়ে এলোমেলোভাবে হেঁটে হেঁটে চলা শুরু করেন। আপনাদের কারণে মাঠের অন্য প্রশিক্ষণার্থীরা সঠিকভাবে দৌড়াতে পারছিলেন না। আপনাকে বারবার দৌড়ানোর কথা বলা হলেও আপনি তার কথায় কোনও কর্ণপাত না করে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা বলা শুরু করেন। আপনিসহ আপনার অন্য সহযোগীদের এরূপ কর্মকাণ্ডের ফলে মাঠে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। একজন প্রশিক্ষণরত এএসপি (প্রবেশনার) হিসেবে আপনার এরূপ আচরণ ও কার্যকলাপ মাঠের সার্বিক প্রশিক্ষণ কার্যক্রমকে চরমভাবে ব্যাহত করে এবং মাঠের অন্য প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলাভঙ্গে উৎসাহিত করে। আপনার এরূপ কার্যকলাপ ও আচরণ কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য, কর্তব্যে অবহেলা এবং শৃঙ্খলার পরিপন্থী, যা অসদাচরণের শামিল।’

নোটিশে আরও বলা হয়েছে, ‘এমতাবস্থায় আপনার এহেন কার্যকলাপ ও আচরণের পরিপ্রেক্ষিতে আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কেন প্রতিবেদন পাঠানো হবে না, তার কারণ ব্যাখ্যাপূর্বক নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে আপনার লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।’

পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের গত বছরের ২০ অক্টোবর এক বছরের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শেষে এ বছরের ২০ অক্টোবর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এজন্য দেড় হাজারের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে আগের রাতে হঠাৎ করেই কুচকাওয়াজ স্থগিত করে দেওয়া হয়। এরপর আবার ২৪ নভেম্বর এই অনুষ্ঠানের জন্য দিন ঠিক করা হয়েছিল। তবে ওই তারিখের আগেই আবার তা স্থগিত করা হয়।

এ ছাড়া সারদায় মাঠে ও ক্লাসের বিশৃঙ্খলার কারণ দেখিয়ে এ পর্যন্ত ৩১৩ জন এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে ২১ অক্টোবর ৪০তম এসআই ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণরত ২৫২ জন, ৪ নভেম্বর একই ব্যাচের আরও ৫৮ জন এবং সর্বশেষ ১৮ নভেম্বর আরও ৩ জনকে অব্যাহতি দেওয়া হয়। এসআইদের এই ব্যাচের সমাপনী হওয়ার কথা ছিল নভেম্বরে। সেটিও স্থগিত রাখা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান