ভ্যাট বাড়ানোর প্রতিবাদে বাংলাদেশ রেস্তরাঁ মালিক সমিতি বগুড়া জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে শহরের সাতমাথায় সৈকত হোটেল ও রেস্তোরাঁর দোতলায় এ সভার আয়োজন করা হয়।
সংগঠনের সাবেক কেন্দ্রীয় মহাসচিব ও বগুড়া জেলা সভাপতি এম রেজাউল করিম সরকার রবিনের সভাপতিত্বে সেখানে বক্তব্য রাখেন- সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এশিয়া সুইটসের নুরুল বাশার চন্দন, সদস্য শাহ বাবা কামালিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের গোলাম রব্বানী, সেলিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মাহফুজ রহমান, গৌর গোপাল দধি ও মিষ্টান্ন ভান্ডারের স্বপন কুমার পাল, আকবরিয়া হোটেলের প্রতিনিধি জিএম শাহ্ মো. আরাফাত, শাহরিয়ার মো. জাকির হাসান, জিল্লুর রহমান, রাসেল মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, ভ্যাট বৃদ্ধি করায় হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতি এখন দিশেহারা। রেস্তোরাঁ মালিকরাও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্রেতা। বর্ধিত ভ্যাট আরোপের কারণে বর্তমানে বাজারের সকল পণ্যের ক্রয় মূল্য বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় একজন রেস্তোরাঁ মালিক একজন বিক্রেতা হিসেবে যেমন সরকারের সব ব্যবসায়িক ভ্যাট-ট্যাক্স পরিশোধ করছেন, ঠিক তেমনি ক্রেতা হিসেবে পণ্যের ওপরে ভ্যাট-ট্যাক্স প্রদান করে ঊর্ধ্বমূল্যে পণ্য কিনছেন। এভাবে একজন রেস্তোরাঁ ব্যবসায়ীর ওপর দিন দিন বাড়ছে ভ্যাট-ট্যাক্সের
বোঝা।
তারা বলেন, করোনা ভাইরাসের কারণে রেস্তোরাঁ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। করোনা পরবর্তী সময়ে রাশিয়া, ইউক্রেন যুদ্ধসহ বেশ কিছু কারণে চলছে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি। জীবন-জীবিকার সমন্বয়ে রেস্তোরাঁ ব্যবসায়ীরা আজ দিশেহারা। এ ছাড়া মাঠ পর্যায়ে ভ্যাটের নানাবিধ সমস্যা আমরা সহ্য করে ব্যবসা পরিচালনা করছি। বর্তমান বাজারে নিয়ন্ত্রণহীনভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিত্যপণ্যের দাম ভোক্তার ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে। তার ওপরে অধিকাংশ রেস্তোরাঁর ভোক্তাই মধ্যবিত্ত, কর্মজীবী, শ্রমজীবী। তাই ভ্যাট বৃদ্ধিতে ভোক্তার ওপর উঠবে বাড়তি দামের বোঝা। রেস্তোরাঁ হবে ক্রেতা শূন্য।
এই ব্যবসায়ীরা আরও বলেন, সরকারের এই ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তে বিপুল সংখ্যক ক্ষুদ্র প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে এবং এতে মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তাই এই বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহার করতে হবে।
সমিতির জেলা শাখার সভাপতি এম রেজাউল করিম সরকার রবিন জানান, ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।








