বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সদর থানায় হামলা চালিয়ে লুট করা আগ্নেয়াস্ত্রের মধ্যে আরও দুটি উদ্ধার হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) বিকালে সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ি পূর্বপাড়ার একটি পুকুরে কাদা মাটির মধ্যে থেকে একটি এলএমজি ও একটি চায়না রাইফেল পাওয়া যায়।
এ নিয়ে লুণ্ঠিত ৩৯টি আগ্নেয়াস্ত্রের মধ্যে ১৫টি উদ্ধার হলো। ২৪টির হদিস এখনও মেলেনি।
বগুড়া পুলিশ সূত্র জানায়, গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর অনেকেই আনন্দ মিছিল বের করে। এর মধ্যে দুর্বৃত্তরা শহরের কাজী নজরুল ইসলাম সড়কে সদর থানায় হামলা চালায়। সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ সদস্যরা গুলি ছুঁড়তে ছুঁড়তে থানা থেকে পালিয়ে যান। এরপর দুর্বৃত্তরা থানায় হামলা চালায়। তারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। শেষে তারা অস্ত্রাগার থেকে থানার ৩৬টি ও পুলিশ লাইন্সের সদস্যদের তিনটিসহ মোট ৩৯টি আগ্নেয়াস্ত্র লুট করে। এ ছাড়াও লুট ও পুড়ে যায়, শর্টগানের তিন হাজার ৪০০ রাউন্ড কার্তুজ এবং টিয়ারশেল ও দুই হাজার রাউন্ড চায়না রাইফেলের গুলি।
দুর্বৃত্তরা থানা চত্বরে থাকা শতাধিক আলামতের মোটরসাইকেল ও অন্য জিনিসপত্র লুটপাট এবং আগুন দিয়ে পুলিশের কয়েকটি গাড়ি পুড়িয়ে দেয়।
আইনশৃঙ্খলা বাহিনী কয়েকদিনের অভিযানে লুট হওয়া ১৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়। যার অধিকাংশই ব্যবহারের অনুপযোগী। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে সদর থানায় মামলা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ি পূর্বপাড়ার এক কৃষক রবিবার বিকালে জমিতে কীটনাশক দিতে যান। তিনি গ্রামের বাবলু মিয়ার পুকুরে পানি আনতে গিয়ে পুকুরের কাদামাটিতে দুটি আগ্নেয়াস্ত্রের নল বের হয়ে থাকতে দেখেন। খবর পেয়ে গ্রামের লোকজন পুকুর পাড়ে ভিড় করেন। তারা ‘৯৯৯’ নম্বরে কল দিলে সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন ফোর্স নিয়ে সেখানে যান। পরে পুকুর থেকে মরচে ধরা একটি এলএমজি ও একটি চায়নিজ রাইফেল (বাট ছাড়া) উদ্ধার করা হয়।
বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন জানান, উদ্ধার করা এলএমজি ও চায়না রাইফেলের গায়ে থাকা নম্বর দেখে নিশ্চিত হওয়া গেছে, এসব গত ৫ আগস্ট থানা থেকে লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র। পানি-কাদার মধ্যে থাকায় আগ্নেয়াস্ত্রের কাঠের বাট পচে নষ্ট হয়ে গেছে। অস্ত্রগুলো সক্রিয় আছে কি না তা পরীক্ষা করে নিশ্চিত হওয়া যাবে। আরও অস্ত্র আছে কি না তা জানার জন্য পুকুর সেচ করে তল্লাশি করা হবে।









