চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে মাসুদ রানা (৩০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩ মার্চ) বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার ভোরে উপজেলার শাহবাজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আওয়ামী লীগ কর্মী উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া-মুন্সিপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।
এদিকে শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক জানান, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেন মাসুদ রানা। এ নিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় ওঠে।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এস এম শাকিল জানান, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেন মাসুদ রানা। পরে উপজেলার সাহাপাড়া-মুন্সিপাড়া এলাকায় তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, উপজেলার শাহবাজপুর এলাকার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে আছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা করেছে। বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।









