
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীকে ছাত্রলীগের কয়েকজন কর্মী ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প দিয়ে পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ইবলিশ চত্বরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ইসরাত হোসেন ইমন ও মোস্তাকিন রহমান। গুরুতর আহত অবস্থায় দুইজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা ইবলিশ চত্বরের মাঠে ক্রিকেট খেলছিলেন। খেলার বিরতি চলাকালে তারা পানি খাওয়ার জন্যে যাচ্ছিলেন। এসময় ছাত্রলীগ কর্মী মনিরুল ইসলাম তার এক বান্ধবীকে নিয়ে বসেছিলেন। বান্ধবীর পাশ দিয়ে যাওয়ায় মনিরুলের সঙ্গে ইমন ও মোস্তাকিনের কথা কটাকাটি হয়। পরে পানি খেয়ে ফেরার পথে ছাত্রলীগ কর্মী মনিরুল, রুবেলসহ কয়েকজন ব্যাট ও স্ট্যাম্প দিয়ে তাদের দুজনকে বেধড়ক মারধর করে। পরে তাদের গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ইমন বলেন, ‘খেলাধুলার মাঝে আমরা পানি খেতে যাচ্ছিলাম। এসময় মনিরুল তার বান্ধবীর সঙ্গে বসেছিল। তখন মনিরুল আমাদেরকে বলে, এত পাশ দিয়ে যাচ্ছ কেন? সেখানে সামান্য কথাকাটাকাটি হয়। পরে ফেরার সময় মনিরুল আমাদের পথরোধ করে আমাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। এসময় রুবেলের আরও কয়েকজন সহযোগী সেখানে আসে। তারা ব্যাট ও স্ট্যাম্প দিয়ে আমাদের মারধর করে।’
তবে মনিরুল ইসলাম মারধরের ঘটনা অস্বীকার করে বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি ঘটনাস্থলে ছিলাম না।’ এ বিষয়ে ছাত্রলীগ কর্মী রুবেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে রাবি ছাত্রলীগ শাখার ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘মেয়েঘটিত কারণে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।’ তাদেরও এক কর্মী গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
/এসটি/








