রংপুর রেঞ্জ থেকে বাধ্যতামূলকভাবে পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো. হামিদুল আলম ও তার স্ত্রী শাহাজাদী আলম লিপির বিরুদ্ধে দূর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া কার্যালয়ে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বিকালে সহকারী পরিচালক জাহিদুল ইসলাম মামলাটি দায়ের করেন।
এজাহারে বলা হয়েছে, শাহাজাদী আলম লিপি তার সম্পদ বিবরণীতে ১৯ কোটি ৫৬ লাখ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন। স্বামী হামিদুল আলমের সহায়তায় তিনি ২৬ কোটি ১ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ-দখলে রেখেছেন। এছাড়া সরকারি চাকরির ক্ষমতা ও দূর্নীতি ব্যবহার করে আরও ৩ কোটি ৭৪ লাখ টাকার সম্পদ অর্জন ও উৎস গোপন করেছেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, তারা দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারার লঙ্ঘন করেছেন। মামলাটি দুদক তদন্ত করবে।
হামিদুল আলম ২০২৪ সালে বগুড়া-১ আসনে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছিলেন। অভিযোগের সত্যতা মিললে তাকে ২০২৪ সালের ৪ জানুয়ারি বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। রাষ্ট্রপতির আদেশে ২০২৫ সালের সেপ্টেম্বর তাকে বাধ্যতামূলকভাবে অবসর দেওয়া হয়।









