আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন বগুড়া জেলা কারাগারের ৭০ জন বন্দি। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে জেল সুপার ফারুক আহমেদ বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, ‘রবিবার বিকাল পর্যন্ত ছয় দিনে ভোটগ্রহণ করা হয়। ৭০ জন বন্দি ভোট দিয়েছেন। তাদের ব্যালট পেপারের খাম ও স্বাক্ষর সংবলিত কপি আরেকটি খামে ভরে কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।’
বগুড়া জেলা কারাগার সূত্রে জানা যায়, বর্তমানে কারাগারে এক হাজার ৯১৮ জন হাজতি ও কয়েদি বন্দি রয়েছেন। প্রতিদিন এই সংখ্যা কমবেশি হয়ে থাকে। বন্দিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সিদ্ধান্ত হওয়ায় তাদের জানানো হয়। এর মধ্যে ৮০ জন নিবন্ধন করেছিলেন। নিবন্ধনের পর তাদের মধ্যে চার জন জামিনে মুক্তি পান। একজন বন্দির মৃত্যু হয় এবং একজন ভোট দিতে অনিচ্ছা প্রকাশ করেন। দুজনের ঠিকানা সংক্রান্ত জটিলতা থাকায় ভোট নেওয়া সম্ভব হয়নি। এ ছাড়া দুজন অন্য জেলে বদলি হয়েছেন। গত ৩ ফেব্রুয়ারি থেকে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ শুরু হয়। ৮ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।
জেলা কারাগারে প্রায় দুই হাজার হাজতি ও কয়েদি থাকার পরও নিবন্ধন কম হওয়া প্রসঙ্গে জেল সুপার বলেন, ‘ভোট সম্পূর্ণ ব্যক্তিগত সিন্ধান্তের ওপর নির্ভর করে। কাউকে ভোট দিতে বাধ্য করা যায় না। ৭০ জন বন্দির পোস্টাল ভোটগ্রহণ শেষে সংশ্লিষ্ট দফতরে চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হয়েছে।’









