রাজশাহীতে ৪০টি দেশী অস্ত্র ও ২৪টি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ককটেল উদ্ধার করা হয়েছে। র্যাব-৫ পৃথক দুটি অভিযানে অস্ত্র ও ককটেল উদ্ধার করে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এই অস্ত্র ও ককটেল জব্দ করা হয়। এ দিন বিকালে র্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার ভোর ৫টার দিকে র্যাব-৫ কাশিয়াডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২৪টি ককটেল উদ্ধার করে। আরেকটি দল পুঠিয়া উপজেলার বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকা থেকে বিভিন্ন ধরনের ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার করে। উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে রয়েছে- চারটি রামদা, পাঁচটি হাঁসুয়া, পাঁচটি ছুরি, ১৮টি কুঠার সদৃশ টাঙ্গি এবং দুটি হাতলযুক্ত হ্যামার।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, আইনি পদক্ষেপ নেওয়ার জন্য এসব অস্ত্র সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব প্রাথমিকভাবে ধারণা করছে, আসন্ন এয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট বাধাগ্রস্ত করা কিংবা আধিপত্য বিস্তারের উদ্দেশে এসব ককটেল ও দেশীয় অস্ত্র মজুত করে রাখা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের জন্য র্যাব-৫-এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।









