নাটোরের বড়াইগ্রামে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জুলফিকার ইসলাম জিল্লু (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২২ মার্চ) সকাল ৮টার দিকে বড়াইগ্রাম উপজেলার গড়মাটি কলোনি এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুলফিকার ইসলাম জিল্লু পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া নওদাপাড়া গ্রামের আনসারুল মুন্সির ছোট ছেলে। তিনি প্রকৌশলী। আজ সকালে জুলফিকারের গায়েহলুদের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের পায়েস রান্না করার জন্য নিজেই গাড়ি চালিয়ে দুধ আনতে দাশুড়িয়া থেকে নাটোর যাচ্ছিলেন। সকাল ৮টায় নাটোর হাইওয়ে গড়মাটি কলোনি রোডে তার প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশে দাঁড়ানো ট্রাকে লেগে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। বরের মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুই বাড়িতেই বিয়ের উৎসবে মাতম শুরু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, রাজশাহী মেডিক্যাল কলেজের শিক্ষার্থী অন্তরা খাতুনের সঙ্গে জুলফিকার ইসলামের বিয়ের দিন ঠিক করা হয়। শনিবার কনের গায়েহলুদ সম্পন্ন হয়েছে। রবিবার বরের গায়েহলুদ অনুষ্ঠানের কথা ছিল। সকালে চণ্ডীপুর বড় ছয়ঘটি গ্রামে অন্তরার বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির দরজায় তালা ঝোলানো। ডেকোরেটরের লোকজন বিয়ের জন্য সাজানো প্যান্ডেলটা ভেঙে নিয়ে যাচ্ছেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনদের কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি।’








