রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মেলা চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত। রবিবার রাজশাহী কলেজ অডিটোরিয়ামে এ মেলার উদ্বোধন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি স্বপন কুমার বলেন, আমাদের সমাজে এখনও কুসংস্কার রয়ে গেছে। মানুষের মধ্যে বিজ্ঞান চর্চা ছড়িয়ে দিতে হবে, কুসংস্কারমুক্ত দেশ গড়তে হবে। সেজন্যই আমরা কাজ করছি। আমরা বিজ্ঞানচর্চার জন্য বিজ্ঞানাগার নির্মাণে সহায়তা দেবো।
মেলার উদ্বোধন শেষে অতিথিরা রাজশাহী কলেজ কলা ভবনে স্টলগুলো ঘুরে দেখেন এবং মেলায় অংশ নেওয়া খুদে বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেন। বিজ্ঞান মেলায় বিভাগের আটটি জেলার শিক্ষার্থীদের ৫০টি স্টল রয়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে ও বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় এই মেলা সবার জন্য উন্মুক্ত।
রাজশাহী বিভাগের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ মুনির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান।
/এমও/টিএন/








