রাজশাহী মহানগরীর বিনোদপুর বাজারে একটি রেস্তোরাঁয় খাবারের বিল ও মান নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে ‘বাংলা টিফিন’ নামের একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। আহত কনস্টেবল ফয়েজ উদ্দীন নগরীর কাজলা পুলিশ ফাঁড়িতে কর্মরত। ককটেলের আঘাতে তার বাম পায়ে গুরুতর জখম হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রমজান নামে এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে রেস্তোরাঁয় খাবার খেতে গেলে খাবারের মান ও বিল নিয়ে কর্মচারীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রেস্তোরাঁর এক কর্মচারী মাংস কাটার চাপাতি নিয়ে তাকে মারতে উদ্যত হন। পরে তিনি স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে যান।
এর কিছুক্ষণ পর রমজানের সমর্থক পরিচয়ে কয়েকজন যুবক রেস্তোরাঁয় গিয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং কনস্টেবল ফয়েজ উদ্দীন আহত হন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, প্রাথমিকভাবে জানা গেছে রমজানের পক্ষের লোকজন রেস্তোরাঁয় ভাঙচুর ও মারামারিতে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গেলে ককটেল বিস্ফোরণে এক পুলিশ সদস্য আহত হন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন রমজান। তিনি বলেন, খাবার নিয়ে কথা-কাটাকাটি হলেও পরে তিনি বাসায় ফিরে যান। রেস্তোরাঁয় হামলা বা ককটেল নিক্ষেপের ঘটনায় তার কোনও সম্পৃক্ততা নেই।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।









