প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের কামারখন্দে গাছের চারা ও সার বিতরণে জৈব সারের পরিবর্তে পলিথিন মেশানো মাটি ও ময়লা-আবর্জনা বিতরণের অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ’ শিরোনামে বাংলা ট্রিবিউনসহ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৫ জুন) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) আনোয়ার সাদাত এবং সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মেরাজ হোসেন মিসবাহ। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক এ কে এম মনজুরে মাওলা বাংলা ট্রিবিউনকে বলেন, জৈব সারের পরিবর্তে পলিথিন মেশানো মাটি ও ময়লা-আবর্জনা বিতরণের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, বিষয়টি কৃষি মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছিল। পরে মন্ত্রণালয়ের নির্দেশনায় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সার বিতরণ কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। একই সঙ্গে যে প্রতিষ্ঠানের কাছ থেকে সার কেনা হয়েছে, তাদের বিল পরিশোধও স্থগিত রাখা হয়েছে।









