গোঁয়ার্তুমি বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, না হলে সরকারের পতন ত্বরান্বিত হবে: পাটওয়ারী

বগুড়া প্রতিনিধি
১৫ জুলাই ২০২৬, ২২:২৯আপডেট : ১৫ জুলাই ২০২৬, ২২:৩৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘মঙ্গলবার আন্দোলনরত এইচএসসি শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। আমরা সরকারকে বলছি, আর একটি শিক্ষার্থীর গায়েও যেন লাঠি বা বুটের আঘাত না পড়ে। কাউকে যেন গ্রেফতার না করা হয়। সরকারের উচিত অহংকারী মনোভাব ও গোঁয়ার্তুমি বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংলাপে বসে দ্রুত সমস্যার সমাধান করা। তা না হলে এই শিক্ষার্থীদের হাত ধরেই সরকারের পতন ত্বরান্বিত হবে।’

বুধবার (১৫ জুলাই) দুপুরে বগুড়া নগরীর নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানে জুলাই আন্দোলনে নিহত রাতুল, সিয়াম শুভ ও শিমুলের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সারাদেশে শিক্ষার্থীদের চলমান আন্দোলন ও শিক্ষা সংস্কারের দাবি প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘কতটুকু কষ্টে থাকলে পরীক্ষার হল ছেড়ে একজন শিক্ষার্থী রাজপথে চলে আসে। ২০১৮ কিংবা ২০২৪ সালের আন্দোলন ছিল কর্মসংস্থানের জন্য, আর এখনকার আন্দোলন শিক্ষা সংস্কারের জন্য। একে নিছক ছোটোখাটো আন্দোলন হিসেবে না দেখে শিক্ষা সংস্কার আন্দোলন হিসেবে দেখতে হবে। শিক্ষামন্ত্রীর ব্যর্থতা থাকলে তাকে পদত্যাগ করিয়ে ছাত্রসমাজের কাছে ক্ষমা চাইতে হবে।’

ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ঘাটতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সরকার ভারতের সঙ্গে সেই ধরনের ডিপ্লোমেসির সক্ষমতা হারিয়েছে, যার কারণে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারছে না। আমরা অতীতে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের ফেরত দিয়েছি। তাহলে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ভারত কেন ফেরত দিচ্ছে না? বিএনপি সরকার ভারতের সঙ্গে সমঝোতা করার কারণেই শেখ হাসিনাকে আনতে পারছে না। এই জায়গায় সরকার চরমভাবে ব্যর্থ। আমরা ক্ষমতায় গেলে শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে বিচার করবো।’

এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ‘আমরা বর্তমান বিএনপি সরকারকে দেখছি যে, সংসদে দাঁড়িয়ে তারা গণভোটের রায়ের বিপক্ষে কথা বলছে, জুলাই সনদের বিপক্ষে কথা বলছে। অথচ তাদের নিজেদের ৩১ দফাতেই সংবিধান ও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের সংস্কারের কথা ছিল। এখন তারা সংসদে দাঁড়িয়ে কিসের সংবিধান সংস্কার পরিষদ বলে প্রশ্ন তুলছে। আমরা মনে করি, এটি জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে, আমাদের শহীদ ভাইদের ত্যাগের সঙ্গে গাদ্দারি ও প্রতারণা।’

সারজিস আলম বলেন, ‘এ ধরনের প্রতারণা করে বাংলাদেশের রাজনীতিতে কেউ আগামীতে কোনোদিন প্রাসঙ্গিক থাকতে পারবে না। বিএনপি ও তাদের অঙ্গসংগঠনগুলো আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা ছিল। তারা যেন ইনসাফের পক্ষে থাকে। তারা যদি বিচ্যুৎ হয়, তবে আমরা আমাদের লড়াই শেষ পর্যন্ত চালিয়ে যাবো। বিএনপির অঙ্গসংগঠনগুলো আমাদের বিরুদ্ধে মিছিল করছে, অবাঞ্ছিত ঘোষণা করছে। অথচ খুনি আবু সাইদ খানকে গ্রেফতারের দাবি একবারও মুখে উচ্চারণ করেনি। উল্টো খুনি আবু সাইদ ভয়েস মেসেজ দিয়ে শিমুল বিশ্বাসকে নিরপরাধ দাবি করছে। এই লিংকটা কোথায়, তা জনগণ বোঝে। পিছন থেকে যেই খুনিদের শেল্টার দিক না কেন, আমরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কথা বলবো।’

কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় ওসমান হাদিসহ সব শহীদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সাইফ মোস্তাফিজ, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী, যুগ্ম সদস্যসচিব গাজী সালাহউদ্দিন তানভীর, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, এনসিপি বগুড়া জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার এমএসএ মাহমুদ ও সদস্যসচিব সুলতান মাহমুদ প্রমুখ।

প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যা ৬টা থেকে প্রায় দেড় ঘণ্টা রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড় অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন তারা।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আজকের মতো কর্মসূচি স্থগিত ঘোষণা করে সড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ সাংবাদিকদের বলেন, ‘রাস্তা আটকে থাকায় জনগণের ভোগান্তি হচ্ছে। আমরা মানুষের ভোগান্তি চাই না। তাই আজকের মতো কর্মসূচি স্থগিত করছি। আমাদের দাবি একটাই, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে “লংমার্চ টু সচিবালয়” কর্মসূচি পালন করবো।’

/এএম/ 
সম্পর্কিত
শিক্ষার্থীদের কেন বারবার রাস্তা অবরোধ করতে হয়
দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, আপিলের সুযোগ নেই: নাহিদ
২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকা ঋণ মওকুফ করলো সরকার
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের কেন বারবার রাস্তা অবরোধ করতে হয়
শিক্ষার্থীদের কেন বারবার রাস্তা অবরোধ করতে হয়
ইংল্যান্ড ম্যাচে ফকল্যান্ডের পতাকা নিষিদ্ধ
ইংল্যান্ড ম্যাচে ফকল্যান্ডের পতাকা নিষিদ্ধ
গড়ে তোলা হবে ১০ হাজার নার্সারি উদ্যোক্তা, হবে আড়াই লাখ মানুষের কর্মসংস্থান 
গড়ে তোলা হবে ১০ হাজার নার্সারি উদ্যোক্তা, হবে আড়াই লাখ মানুষের কর্মসংস্থান 
৩৯ বছর বয়সেও অতিমানবীয় মেসি
৩৯ বছর বয়সেও অতিমানবীয় মেসি
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেও কেন নয়াপল্টন ছাড়েননি রিজভী
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেও কেন নয়াপল্টন ছাড়েননি রিজভী