সংখ্যাগরিষ্ঠতা পেয়েও প্রতিশ্রুতি রাখতে পারেনি শিবির প্যানেল

আতিকুর রহমান, রাবি
২৬ আগস্ট ২০২৬, ১৯:৫১আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১৯:৫১

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের আগে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে রোডম্যাপ, শতভাগ আবাসিকতা নিশ্চিত করা এবং অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। নির্বাচনে জোটের প্রার্থীরা গুরুত্বপূর্ণ পদগুলোতে জয়ী হলেও দায়িত্ব গ্রহণের প্রায় এক বছরেও প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেনি। এ নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে বলছেন, রাকসুর প্রতিনিধিদের মেয়াদ শেষের দিকে। কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।

২০২৫ সালে রাকসু নির্বাচন সামনে রেখে ঘোষিত ২৪ দফা ইশতেহারে প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের বৈধ আবাসিক সিট নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি আবাসন সংকট সমাধানে অস্থায়ীভাবে হোস্টেল বা আবাসন ভাতা চালু, দীর্ঘমেয়াদে নতুন হল নির্মাণ এবং শতভাগ আবাসিকতা নিশ্চিত করতে একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়নের কথা বলা হয়েছিল।

নির্বাচনের পর ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর প্রার্থীরা রাকসুর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নেন। কিন্তু সময় গড়ালেও আবাসন সংকট সমাধানে পূর্ণাঙ্গ রোডম্যাপ কিংবা অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালুর ক্ষেত্রে দৃশ্যমান কোনও উদ্যোগ দেখা যায়নি।

রাকসুর দায়িত্ব গ্রহণের প্রায় ১০ মাস পর ইশতেহারের অগ্রগতি নিয়েও প্রশ্ন ওঠে। তখনও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় ছিল। রাকসু নেতারা এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা এবং বিভিন্ন প্রস্তাব দেওয়ার কথা জানালেও শিক্ষার্থীদের জন্য দৃশ্যমান কোনও সমাধান আসেনি।

যা বলছেন শিবির নেতারা

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পূর্ণাঙ্গ আবাসন ও আবাসন ভাতা তাদের নির্বাচনি ইশতেহারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার ছিল। রাকসু প্রতিনিধিরা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন। বিভিন্ন হাউসে ও প্রশাসনের সভায় বিষয়গুলো উত্থাপন ও আলোচনা করা হয়েছে। কিন্তু সেখান থেকে আশানুরূপ কোনও ফলাফল আসেনি।’

মেহেদী হাসান আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে রাকসুর পক্ষ থেকে প্রশাসনের ওপর চাপ দেওয়ার পরও দৃশ্যমান সমাধান না আসায় সাধারণ শিক্ষার্থীদের কাছে বিষয়টি সেভাবে স্পষ্ট হয়নি। শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা নিজেদের ব্যানারে সরাসরি প্রশাসনের কাছে দাবিগুলো তুলে ধরতে বাধ্য হয়েছি। সম্প্রতি ঘোষিত পাঁচ দফা দাবির মধ্যেও বিষয়গুলো গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

শতভাগ আবাসন ব্যবস্থা স্বল্প সময়ে বাস্তবায়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত একটি স্পষ্ট ও সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করা। আমরা জেনেছি, এই খাতে বড় অঙ্কের বাজেট বরাদ্দ রয়েছে। প্রশাসনের কাছে আমাদের দাবি—দ্রুত বাজেট পাস করে দৃশ্যমান কাজ শুরু করতে হবে এবং কবে, কীভাবে আবাসন সংকটের সমাধান করা হবে, তা শিক্ষার্থীদের সামনে স্পষ্ট করতে হবে।’

বড় প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে প্রশাসনিক বাধা দেখছেন ভিপি

এ ব্যাপারে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আমাদের ছোট ইশতেহারগুলো পূরণ করেছি। বড় বড় ইশতেহারের ক্ষেত্রে প্রশাসনের নানা বাধা রয়েছে। তবুও আমরা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘রিডিং রুমে এসির ব্যবস্থা করাও কঠিন একটি ইশতেহার ছিল। তবু আমরা সেটি বাস্তবায়নের ব্যবস্থা করেছি। আশা করি, অন্যান্য ইশতেহারের দাবিগুলোও এভাবে আদায় করতে পারবো।’

ব্যর্থতার দায় শিবির এড়াতে পারে না

তবে রাকসুর কার্যক্রম নিয়ে ভিন্নমত জানিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ফুয়াদ রাতুল। তার দাবি, শিক্ষার্থীদের দাবি-দাওয়া আদায়ের মূল প্ল্যাটফর্ম হিসেবে রাকসু প্রত্যাশা পূরণ করতে পারেনি।

তিনি বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের দাবি-দাওয়া আদায়ের মূল প্ল্যাটফর্ম ছিল রাকসু। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, রাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায় কোনোভাবেই ছাত্রশিবির এড়াতে পারে না।’

ফুয়াদ রাতুল আরও অভিযোগ করেন, সাম্প্রতিক বিভিন্ন বিতর্ক থেকে সাধারণ মানুষের মনোযোগ সরাতেই ছাত্রশিবির সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন করে এসব দাবি সামনে এনেছে। তার ভাষ্য, রাকসুর ব্যর্থতা থেকে নিজেদের দায় আলাদা করার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, ‘বাস্তবতা হলো, রাকসু যে ব্যর্থতার পরিচয় দিয়েছে, তার দায় শিবিরও এড়াতে পারে না। নিজেদের বিতর্ক আড়াল করতে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভিন্নভাবে নিজেদের উপস্থাপনের চেষ্টা সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পারছে।’

ইশতেহার বাস্তবায়নে ব্যর্থ

ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মারুফ বলেন, ‘নির্বাচনের আগে ১২ মাসে ২৪ প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করা হলেও সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও তা বাস্তবায়নে রাকসু নেতৃত্ব ব্যর্থ হয়েছে।যে দাবিগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো নিয়ে প্রশ্ন উঠলে এখন বলা হচ্ছে—এসব রাকসুর এখতিয়ারবহির্ভূত। যদি এখতিয়ারের মধ্যে না থাকে, তাহলে ইশতেহারে কেন দেওয়া হয়েছিল?’

আবাসন ও খাবারের মানসহ মৌলিক অধিকার নিয়ে আগে থেকেই শিক্ষার্থীদের আন্দোলন ছিল দাবি করে মেহেদী হাসান মারুফ বলেন, ‘আমরা ক্যাম্পাসে আবাসন ও খাবারের মানসহ মৌলিক অধিকার নিয়ে আগে থেকেই আন্দোলন করে আসছি। এসব দাবিকে তারা নিজেদের ইশতেহারে যুক্ত করেছে। অন-ক্যাম্পাস জব বা আবাসন ভাতার প্রতিশ্রুতিও তারা বাস্তবায়ন করতে পারেনি। শিক্ষার্থীদের অধিকার আদায়ের পরিবর্তে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য পুরোনো আশ্বাস আবার সামনে আনা হচ্ছে।’

এখন প্রশ্ন বাস্তবায়নের দায়িত্ব কার?

রাকসুর মেয়াদ শেষের দিকে এসে আবাসন সংকট, আবাসন ভাতা ও শতভাগ আবাসিকতার মতো বড় প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। রাকসু নেতাদের দাবি, এসব বাস্তবায়নে প্রশাসনিক সহযোগিতা প্রয়োজন; অন্যদিকে বিরোধী ছাত্র সংগঠনগুলোর অভিযোগ, প্রতিশ্রুতি পূরণে রাকসু নেতৃত্ব ব্যর্থ হয়েছে।

ফলে এখন শুধু রাকসুর ২৪ দফা ইশতেহারের কতটি প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে, সেটিই নয়—অসম্পূর্ণ প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে রাকসু শেষ পর্যন্ত কতটা উদ্যোগ নিতে পারে এবং রাকসুর মেয়াদ শেষ হলে এসব দাবির দায়িত্ব কে নেবে, সেটিই শিক্ষার্থীদের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

/এএম/ 
সম্পর্কিত
আম্মারের দাফতরিক ব্যয়ের হিসাবে অসঙ্গতির অভিযোগ রাবি শিবির সভাপতির
রাকসু প্রতিনিধিদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
রাকসুর অর্থ ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে: রাবি ছাত্রদল
সর্বশেষ খবর
দেড় বছর ধরে স্কুলে না গিয়েও কীভাবে হাজিরা খাতায় নিয়মিত উপস্থিত শিক্ষক?
দেড় বছর ধরে স্কুলে না গিয়েও কীভাবে হাজিরা খাতায় নিয়মিত উপস্থিত শিক্ষক?
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, প্রতিবাদ নিসচার
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, প্রতিবাদ নিসচার
ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর
ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর
সংসদের তৃতীয় অধিবেশন: প্রথম দিনেই কমিটি ও তিন বিল
সংসদের তৃতীয় অধিবেশন: প্রথম দিনেই কমিটি ও তিন বিল
সর্বাধিক পঠিত
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত