বগুড়া মহানগরীর রহমান নগরে ভাইবোন ফুচকা ও চটপটি তৈরির কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে এ অভিযান চালানো হয়। বিকালে এ তথ্য বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন জেলা নিরাপদ খাদ্য দফতরের কর্মকর্তা মো. রাসেল।
তিনি জানিয়েছেন, দুপুরে বগুড়া মহানগরীর রহমান নগরে ভাইবোন ফুচকা ও চটপটি তৈরির কারখানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় কারখানায় টেবিলের পাশে ইঁদুর ধরে রেখে ফুচকা তৈরি করতে দেখা যায়। এ ছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা ও চটপটি তৈরি করতে দেখা গেছে তাদের। পাশেই কবুতরের খাঁচার সঙ্গে উৎপাদিত ফুচকা ও চটপটি রাখতে দেখা যায়। সেখানে কবুতরের বিষ্ঠা, পালক খাবারে ছড়িয়ে পড়েছিল। ফুচকা ও চটপটিতে ব্যবহৃত সস গরম অবস্থায় নন-ফুডগ্রেড প্লাস্টিকের পাত্রে সংরক্ষণ করতে দেখা গেছে। ফুচকা ও চটপটির উপকরণ ‘সিদ্ধ ডিম’ ময়লাযুক্ত অবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করা হয়। সালাদ তৈরিতে পচা গাজর ব্যবহার করতে দেখা যায়। ফুচকার উপকরণ সিদ্ধ আলু অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করতে দেখা গেছে।
নিরাপদ খাদ্য দফতরের কর্মকর্তা মো. রাসেল আরও জানান, এসব অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ভাইবোন ফুচকা ও চটপটি কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করেন। এ সময় আগামী ১২ দিন প্রতিষ্ঠানটির বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রেখে নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়। এরপর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয়কে অবহিত করে পুনরায় উৎপাদন শুরু করার আদেশ দেওয়া হয়।
অভিযানে সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক সিদ্দিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি দল।









