ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসের মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট ইমরুল কাশেম ইমনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
ইমনের বরখাস্তের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ ভুক্তভোগীরা স্বস্তি প্রকাশ করেছেন। একই সঙ্গে ভূমি সেবা কার্যক্রম সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করার দাবি জানিয়েছেন তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তানোর উপজেলা ভূমি অফিসের মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট ইমরুল কাশেম ইমনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নামজারি (মিউটেশন) ও বিবিধ সার্টিফিকেট মামলার সেবা দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে ঘুষ নেওয়া ও হয়রানির অভিযোগ ছিল।
সম্প্রতি ঘুষ লেনদেনের একটি ভিডিও একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়। পরে ভুক্তভোগী নাগরিকদের সুনির্দিষ্ট অভিযোগ ও প্রচারিত প্রতিবেদনের সূত্র ধরে প্রাথমিক তদন্ত করা হয়। এতে তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের আদেশের অনুলিপি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের অবগতির জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে বরখাস্ত হওয়া কর্মচারীর অভিযোগনামা ও বিবরণী প্রস্তুত করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানোর জন্য তানোর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভূমি অফিসের বিভিন্ন সেবা নিতে গিয়ে তাদের হয়রানি ও ঘুসের মুখোমুখি হতে হয়েছে। ইমনের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং ভূমি অফিসের সেবা কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে তানোর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, আমার অফিসের মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট ইমরুল কাশেম ইমনকে জেলা প্রশাসক সাময়িক বরখাস্ত করেছেন। বিধি অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।








