বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গোহাইল ইউনিয়নের চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজুর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শনিবার রাতে শহরের ঝাউতলার কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিনের হাতে ফুলের তোড়া দিয়ে তারা দলে যোগ দেন।

শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরীর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক টি জামান নিকেতা, আসাদুর রহমান দুলু, তালেবুল ইসলাম, সাজেদুর রহমান শাহীন, মাশরাফি হিরো, ফরিদুল ইসলাম মুক্তা, ফিরোজ আলম, মিনহাজ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
আওয়ামী লীগ নেতারা দাবি করেছেন, বিএনপি নেতা ফজুর নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। এতে ওই উপজেলায় আওয়ামী লীগ আরও শক্তিশালী হবে।
এদিকে ফজুর দল ত্যাগের ঘটনায় শাজাহানপুর উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলেছেন, ফজুর দলত্যাগে বিএনপির কোনও ক্ষতি হবে না। তিনি ক্ষমতার লোভে বিএনপি ছেড়ে আওয়ামী লীগের গেছেন। আবার কেউ কেউ বলেছে, গোহাইল ইউনিয়নে পরপর চারবার নির্বাচিত চেয়ারম্যান ফজু চলে যাওয়ায় তৃণমূল বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। তিনি আওয়ামী লীগের চাপে এবং হামলা-মামলা ও হয়রানি থেকে বাঁচতেই এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
শাজাহানপুর উপজেলা বিএনপির আহবায়ক আবুল বাশার তার প্রতিক্রিয়ায় বলেন, ফজুর মত বেঈমান চলে যাওয়ায় বিএনপির কোনও ক্ষতি হবেনা। এতে দল উপকৃত হবে। তিনি দাবি করেন, আওয়ামী লীগের লোকজন তাদের সবসময় হুমকি-ধামকি দিয়ে চলেছেন। ফজুকে বিএনপি ত্যাগে বাধ্য করেছে।
/টিএন/
আরও পড়তে পারেন:







