ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ ঘিরে সিরাজগঞ্জের হাটিকুমরুলে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (১৯ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এ লংমার্চ হবে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, লংমার্চের গাড়িবহর শনিবার দুপুর ১২টার দিকে হাটিকুমরুলে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে পথসভা ও জোহরের নামাজের বিরতি থাকবে।
লংমার্চে অংশ নেওয়া নেতাকর্মীদের স্বাগত জানাতে হাটিকুমরুল ইন্টারচেঞ্জসংলগ্ন বগুড়া মহাসড়কে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চে মাইক স্থাপনের পাশাপাশি বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়েছে। এক দিনের জন্য বৈদ্যুতিক মিটারের ব্যবস্থাও করা হয়েছে বলে স্থানীয় জামায়াত নেতারা জানিয়েছেন।
জামায়াতের পক্ষ থেকে হাটিকুমরুলে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ও ব্যবস্থাপনার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। পানি সরবরাহ, শৃঙ্খলা রক্ষা ও আগতদের সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ৫০টি অস্থায়ী শৌচাগার স্থাপন করা হয়েছে।
উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী বলেন, ‘আমাদের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি, লংমার্চ উপলক্ষে হাটিকুমরুলে প্রায় এক লাখ মানুষের সমাগম হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আগতদের সহযোগিতার জন্য এক হাজার স্বেচ্ছাসেবীকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘স্বেচ্ছাসেবীরা পানি সরবরাহসহ বিভিন্ন কাজে নিয়োজিত থাকবেন। এ ছাড়া প্রায় ৫০টি অস্থায়ী শৌচাগার স্থাপন করা হয়েছে। আশা করছি, সুষ্ঠুভাবে লংমার্চের কর্মসূচি সম্পন্ন হবে।’
এদিকে লংমার্চকে কেন্দ্র করে হাটিকুমরুল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশও প্রস্তুতি নিয়েছে। সিরাজগঞ্জ জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও সলঙ্গা থানা পুলিশের সমন্বয়ে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, লংমার্চের দিন হাটিকুমরুল ও আশপাশের এলাকায় প্রায় ৫০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। গাড়িবহরের চলাচল, পথসভাস্থল, গুরুত্বপূর্ণ মোড় ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে। যান চলাচল স্বাভাবিক রাখতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ জেলা পুলিশের প্রস্তুতি সম্পর্কে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, ‘পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। ওইদিন পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।’









