দীর্ঘদিন দখলে থাকার পর রাজশাহী সরকারি মহিলা কলেজের সামনের ফুটপাত অবশেষে দখলমুক্ত হয়েছে। দোকানপাট, খাবারের দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদের পর ফুটপাত দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন পথচারীরা। এতে সড়কের ওপর চাপ কমার পাশাপাশি স্বস্তি ফিরেছে নগরবাসীর মধ্যে।
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় গত মঙ্গলবার (৬ অক্টোবর) সড়ক ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। দড়িখরবোনা মোড় থেকে রাজশাহী সরকারি মহিলা কলেজের সামনে হয়ে মালোপাড়া পর্যন্ত এবং বাটার মোড় ও নিউমার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের পর কলেজের সামনের ফুটপাত ফিরে পেয়েছে তার চেনা রূপ, স্বাভাবিক হয়েছে পথচারীদের চলাচল। আগে দোকানপাট ও বিভিন্ন অস্থায়ী স্থাপনার কারণে ফুটপাত দিয়ে চলাচলের সুযোগ ছিলো না। ফলে পথচারীদের বাধ্য হয়ে সড়ক দিয়ে হাঁটতে হতো। এতে দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি যানজটও বাড়তো। এখন ফুটপাত ব্যবহার করতে পারায় সড়কের ওপর চাপ কমেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর ফুটপাতটি নাগরিকদের চলাচলের উপযোগী হয়েছে। আগে দোকানপাটের কারণে এখানে হাঁটার পরিবেশ ছিলো না। ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি নিয়মিত নজরদারি নিশ্চিত করার দাবি জানান তিনি।
নারী পথচারী নাইমা জান্নাত বলেন, ফুটপাত দখল থাকায় নারী, শিশু ও বয়স্কদের গাড়ির পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো। এখন নিরাপদে হাঁটা যাচ্ছে। নগরীর অন্য ফুটপাতগুলোও দখলমুক্ত করার দাবি জানান তিনি।
রাজশাহী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সানজিদা খাতুন বলেন, কলেজে আসা-যাওয়ার সময় আগে সড়ক দিয়ে হাঁটতে ভয় লাগতো। এখন ফুটপাত দিয়ে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন তিনি। ভবিষ্যতে যাতে আবার ফুটপাত দখল না হয়, সে জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
মশিউর রহমান নামের এক রিকশাচালক বলেন, আগে ফুটপাত দখল থাকায় পথচারীদের সড়ক দিয়ে হাঁটতে হতো। পাশাপাশি দোকানের সামনে রিকশা ও ভ্যান দাঁড়িয়ে থাকায় সড়কে চাপ বাড়তো। এখন পথচারীরা ফুটপাত ব্যবহার করায় যানজটও তুলনামূলক কমেছে। তবে অভিযান শেষ হওয়ার পর আবারো ফুটপাত দখল ঠেকাতে নিয়মিত অভিযান চালানো প্রয়োজন।
তবে নগরবাসীর প্রশ্ন, উচ্ছেদেই কি শেষ হবে দায়িত্ব? অতীতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালানোর পর কিছুদিনের মধ্যেই আবার ফুটপাত দখল হওয়ার অভিযোগ রয়েছে। ফলে এবারের অভিযান কার্যকর ও স্থায়ী করতে নিয়মিত তদারকি এবং পুনরায় দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।
রাজশাহী সিটি করপোরেশন জানিয়েছে, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়ক ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।
নগরবাসীর প্রত্যাশা, ফুটপাত যেন আবাবো দখলদারদের হাতে ফিরে না যায়। ফুটপাত পথচারীদের চলাচলের জন্য, দখলদারদের জন্য নয়। এই নীতির বাস্তবায়ন নিশ্চিত করাই এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে বড় চ্যালেঞ্জ।