এক জেলায় প্রাথমিকের ৪৪৯ শিক্ষকের পদ শূন্য, সংকট কাটবে কবে?

মো. রাশিদুল ইসলাম, নাটোর
১২ অক্টোবর ২০২৬, ১০:০১ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১০:০১

শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে নাটোরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর স্বাভাবিক কার্যক্রম। জেলার সাতটি উপজেলায় ১৪৬টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। পাশাপাশি সহকারী শিক্ষকের ৩০৩টি পদও ফাঁকা। ফলে পাঠদানের পাশাপাশি প্রশাসনিক দায়িত্ব সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা। অতিরিক্ত কাজের চাপে অনেক শিক্ষক শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন। এতে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি পাঠদানেও নেতিবাচক প্রভাব পড়ছে।

প্রধান শিক্ষকের পদ শূন্য থাকা বিদ্যালয়গুলোতে জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। এতে নিয়মিত পাঠদানের পাশাপাশি সরকারি চিঠিপত্র, অনলাইনে তথ্য প্রদান, শিক্ষক সমন্বয়, প্রাতিষ্ঠানিক সভা এবং শিক্ষা অফিসের সঙ্গে যোগাযোগের মতো দাপ্তরিক কাজও সামলাতে হচ্ছে তাদের। শিক্ষক সংকট নিরসনে দ্রুত শূন্য পদ পূরণের দাবি জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সাত উপজেলায় প্রধান শিক্ষকের ১৪৬ পদ শূন্য

নাটোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, জেলার সাতটি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ১৪৬টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে গুরুদাসপুরে ১৮টি, নাটোর সদরে ২৯টি, বড়াইগ্রামে ১৯টি, বাগাতিপাড়ায় ১১টি, লালপুরে ২২টি, সিংড়ায় ৪২টি এবং নলডাঙ্গায় ১৪টি পদ ফাঁকা। প্রধান শিক্ষকের সবচেয়ে বেশি পদ শূন্য রয়েছে সিংড়া উপজেলায়।

এ ছাড়া পুরো জেলায় সহকারী শিক্ষকের ৩০৩টি পদও শূন্য রয়েছে। শিক্ষকদের দাবি, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মিলিয়ে মোট ৪৪৯টি পদ ফাঁকা পড়ে আছে। এতে একদিকে যেমন অতিরিক্ত পাঠদানের চাপ বাড়ছে, অন্যদিকে প্রশাসনিক কার্যক্রম পরিচালনাতেও নানা জটিলতা তৈরি হচ্ছে। তাদের অভিযোগ, দীর্ঘদিনের এ সংকট নিরসনে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রধান শিক্ষকের পদ শূন্য থাকা ১৪৬টি বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। তাদের একই সঙ্গে শ্রেণিকক্ষে পাঠদান ও বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এতে দাপ্তরিক কাজের জন্য বিদ্যালয়ের বাইরে যেতে হলে পাঠদান ব্যাহত হচ্ছে। পাশাপাশি শিক্ষক সমন্বয় ও বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা নিয়েও সমস্যায় পড়তে হচ্ছে তাদের।

অতিরিক্ত দায়িত্বে বিপাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা

একাধিক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ভাষ্য, সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি প্রধান শিক্ষকের কাজ করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের। একই পদে কর্মরত সহকর্মীদের বিভিন্ন কাজে নির্দেশনা দেওয়ার ক্ষেত্রেও দ্বিধায় পড়তে হয়। পাঠদান, প্রাতিষ্ঠানিক সভা ও দাপ্তরিক কাজ একসঙ্গে সামলাতে গিয়ে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন তারা।

নাটোর শহরের ফুলবাগান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপংকর কুমার দত্ত বলেন, ‘বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় জ্যেষ্ঠতার ভিত্তিতে আমাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। সহকারী শিক্ষক হিসেবে পাঠদানের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব নিয়ে প্রশাসনিক কার্যক্রমও সামলাতে হচ্ছে আমাকে। কখনও কখনও দাপ্তরিক কাজের প্রয়োজনে বিদ্যালয়ের বাইরে যেতে হলে পাঠদান ব্যাহত হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রধান শিক্ষকের শূন্য পদগুলো দ্রুত পূরণের দাবি জানাই।’

একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন নাটোর উপরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলরুবা আক্তার। তিনি জানান, সহকারী শিক্ষক হিসেবে তাকে নিয়মিত রুটিন অনুযায়ী পাঠদান করতে হয়। পাশাপাশি প্রধান শিক্ষকের দৈনন্দিন সব কাজও সামলাতে হচ্ছে। অথচ অতিরিক্ত দায়িত্ব পালন করলেও বাড়তি কোনও সুবিধা দেওয়া হয় না। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে শিক্ষকদের পদোন্নতি ও দ্রুত নতুন নিয়োগের দাবি জানান তিনি।

মছিরেন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালমা সুলতানা জানান, তাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসরে যাওয়ার পর থেকে পদটি শূন্য রয়েছে। এখন তাকেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে। একসঙ্গে অতিরিক্ত দায়িত্ব সামলাতে গিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান।

পাঠদানের বাইরেও বাড়তি চাপ

ফুলবাগান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মৌসুমী জেসমিনসহ বিভিন্ন বিদ্যালয়ের অন্তত ১৫ জন শিক্ষক জানান, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের সংকটের কারণে নিয়মিত দায়িত্বের বাইরেও অতিরিক্ত পাঠদান করাতে হচ্ছে তাদের। শ্রেণি পরীক্ষার দায়িত্বও নিজেদের মধ্যে ভাগ করে নিতে হচ্ছে। এতে কাজের চাপ বেড়ে যাওয়ায় অনেক সময় ধৈর্য ধরে দায়িত্ব পালন করাও কঠিন হয়ে পড়ে।

শিক্ষকদের ভাষ্যমতে, শিক্ষক-সংকটের কারণে একজন শিক্ষকের ওপর একাধিক দায়িত্ব এসে পড়ছে। এতে নিয়মিত পাঠদান ও বিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম সমানভাবে চালিয়ে নেওয়া কঠিন হচ্ছে।

প্রভাব পড়ছে শিক্ষার্থীদের ওপরও

অভিভাবক সায়েম হোসেন, আব্দুল্লাহ আল মামুন, রিতি খাতুনসহ কয়েকজন বলেন, প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় বিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। একই সঙ্গে লেখাপড়ার পরিবেশও ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষকদের মধ্যে সমন্বয় এবং বিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম পরিচালনায় নানা সমস্যা তৈরি হচ্ছে। এর প্রভাব পড়ছে শিক্ষার্থীদের ওপরও। প্রাথমিক শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে তারা দ্রুত শূন্য পদ পূরণের দাবি জানান।

এ ব্যাপারে নাটোরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান বলেন, ‘প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ শূন্য থাকায় প্রাথমিক বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রধান শিক্ষকের দায়িত্ব পালন, পাঠদান, শ্রেণি পরীক্ষা ও অন্যান্য কাজ একসঙ্গে করতে গিয়ে সহকারী শিক্ষকদের হিমশিম খেতে হচ্ছে। জরুরি ভিত্তিতে শূন্য পদগুলো পূরণ করা গেলে প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়ানো সম্ভব হবে। প্রাথমিক শিক্ষার মান বিবেচনায় দ্রুত এসব পদ পূরণ করা প্রয়োজন।’

/এএম/ 
সম্পর্কিত
সার্কের উদ্যোগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হলেন বাংলাদেশের শিক্ষক 
জার্মান পর্যটকের ল্যাপটপ কীভাবে গেলো কাপড়ের দোকানে?
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
সর্বশেষ খবর
‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে লাগানো চুনকালি কেনার টাকা দেন জামায়াতের আমিরের উপদেষ্টা’
রাশেদ খাঁনের অভিযোগ ‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে লাগানো চুনকালি কেনার টাকা দেন জামায়াতের আমিরের উপদেষ্টা’
চুয়েটে শাটডাউন, ছাত্রদল নেতাদের নিয়ে তালা ভেঙে নিজ দফতরে ঢুকলেন নতুন উপাচার্য
চুয়েটে শাটডাউন, ছাত্রদল নেতাদের নিয়ে তালা ভেঙে নিজ দফতরে ঢুকলেন নতুন উপাচার্য
নিজের আইডিয়া থেকে কার্যকর টুলস, ক্লড এআই কাজে লাগানোর ৪ উপায়
নিজের আইডিয়া থেকে কার্যকর টুলস, ক্লড এআই কাজে লাগানোর ৪ উপায়
ঢাকা থেকে ১০ ফ্লাইটে সৌদি যাওয়া আটকে গেলো সাড়ে তিন হাজার যাত্রীর
হুথিদের হামলায় রিয়াদ বিমানবন্দর বন্ধ  ঢাকা থেকে ১০ ফ্লাইটে সৌদি যাওয়া আটকে গেলো সাড়ে তিন হাজার যাত্রীর
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট