তৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি চূড়ান্ত করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার মজুরি বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে। রাজধানীর সেগুনবাগিচায় বেলা সাড়ে ১১টায় এ সভা হওয়ার কথা রয়েছে।
সভায় সভাপতিত্ব করবেন মজুরি বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
এর আগে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত বোর্ডের চতুর্থ সভায় তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে শ্রমিকদের নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। নতুন প্রস্তাব কার্যকর হলে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি বাড়বে ৪ হাজার ৫০০ টাকা।
চতুর্থ সভায় বোর্ডের সদস্যদের সর্বসম্মতিক্রমে তিনটি গ্রেডের মজুরি নির্ধারণ করা হয়। প্রস্তাব অনুযায়ী, সর্বোচ্চ গ্রেড-১-এর শ্রমিকদের নিম্নতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের জন্য এই মজুরি বোর্ড গঠন করা হয়েছে।