রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের সামনে ফুলগাছের ভেতর থেকে উদ্ধার হওয়া বস্তু দুটি শক্তিশালী গ্রেনেড ছিল এবং পরবর্তীতে তা নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রথমে এটিকে গ্রেনেডসদৃশ বস্তু বলা হলেও পরে শক্তিশালী গ্রেনেড বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তবে এত নিরাপত্তার মাঝেও বিমানবন্দরে গ্রেনেড রাখায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে স্থানীয় এক পথচারী সন্দেহভাজন বস্তু দুটি দেখতে পেয়ে কর্তব্যরত পুলিশকে জানান। এরপরই পুরো বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। দুপুরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেগুলো বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেন। এসব তথ্য জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান।
একই সময়ে একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার স্বার্থে মন্ত্রীকে পেছনের ফটক দিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়।
খোঁজ নিয়ে জানা যায়, ওই সময়েই ঢাকা থেকে একটি ফ্লাইটে এসে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার স্বার্থে তাকে প্রধান ফটক ব্যবহার করতে না দিয়ে বিমানবন্দরের পেছনের গেট দিয়ে বের করে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে পাঠানো হয়।
পুলিশ জানায়, এক পথচারী গ্রেনেড দুটি দেখতে পেয়ে এয়ারপোর্ট থানার বায়া পুলিশ ফাঁড়ির রোমিও-৮১ টহল গাড়ির দায়িত্বে থাকা এএসআইকে জানান। পরে তিনি তাৎক্ষণিকভাবে এয়ারপোর্ট থানার ওসিকে জানান। খবর পেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রধান ফটকের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রধান ফটক বন্ধ করে দেন। এতে বিমানবন্দরে আসা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার জন্য বিকল্প হিসেবে মসজিদ গেট খুলে দেওয়া হয়। বিমানবন্দরের প্রধান ফটকের পাশে সার্বক্ষণিক তিনজন সশস্ত্র এপিবিএন সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এরপরও গ্রেনেড দুটি কীভাবে সেখানে রাখা হলো তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা।
বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রধান ফটকের পাশে সার্বক্ষণিক তিনজন সশস্ত্র আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তা সত্ত্বেও তাদের চোখ ফাঁকি দিয়ে কীভাবে এই গ্রেনেড দুটি সেখানে রেখে যাওয়া সম্ভব হলো, তা নিয়ে যাত্রী ও সংশ্লিষ্টদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।
পুলিশ জানায়, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি ঘিরে ফেলে এবং গ্রেনেড দুটি উদ্ধার করে। পরবর্তীতে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি খোলা মাঠে বালুভর্তি গর্তে বিস্ফোরণ ঘটিয়ে গ্রেনেড দুটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করা হয়। এই বিস্ফোরণের তীব্রতা প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে অনুভূত হয়েছিল।
পুলিশ কর্মকর্তারা জানান, অত্যন্ত ধ্বংসাত্মক এই গ্রেনেডগুলো বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে না। এগুলো মিয়ানমারে তৈরি হতে পারে বলে তারা সন্দেহ করছেন। কে বা কারা কী উদ্দেশ্যে এগুলো বিমানবন্দরের প্রবেশদ্বারে রেখেছিল, তা খুঁজে বের করতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সাময়িক সতর্কতার অংশ হিসেবে বিমানবন্দরের মূল গেটটি বন্ধ রাখা হলেও যাত্রীদের যাতায়াতের জন্য বিকল্প প্রবেশপথ খুলে দেওয়া হয়েছে।
রাজশাহী বিমানবন্দর থানার ওসি রবিউল ইসলাম বলেন, ‘গ্রেনেড উদ্ধারের ঘটনায় মন্ত্রীসহ যত যাত্রী ছিলেন সবাইকে পেছনের দরজা দিয়ে বের করা হয়েছে।’
আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘গ্রেনেড দুটি বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে নেওয়া হয়। সেখানে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে বস্তু দুটি নিষ্ক্রিয় করেন। কারা এবং কী উদ্দেশ্যে গ্রেনেড দুটি বিমানবন্দরের প্রধান ফটকের পাশে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।’
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, মন্ত্রীকে বাইরে নেওয়া হয় পেছনের ফটক দিয়ে