‘বিএনপি সমর্থিত প্রার্থী সাইদুল ইসলাম গতরাতে মসজিদের মাইকে প্রচার করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আর স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম (মোটরসাইকেল প্রতীক) শুরু থেকেই মাঠে নেই। এ কারণে ঝাঐল ইউপিতে চেয়ারম্যান পদে আমি একাই প্রার্থী, তাই টেনশন নাই।’ শনিবার বেলা ১১টার দিকে ইউনিয়নের চালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাংবাদিকদের কাছে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেন সিরাজগঞ্জের ঝাঐল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলতাফ হোসেন ঠাণ্ডু।
তিনি আরও বলেন, নৌকা প্রতীকের প্রার্থী হওয়ায় আমাকে বেশি পরিশ্রম করতে হচ্ছে। দলীয় প্রার্থী না হলে অন্য প্রার্থীরা পাঁচ ভোটও পেত না।
গতরাতে বিএনপি প্রার্থীকে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা দেওয়ার কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন এমন অভিযোগ সত্য কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে তা নয়। নিশ্চিত পরাজয় জেনে সে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। আমাকে বলার পর আমিই তাকে মাইকে প্রচার করতে বলেছি।’
এদিকে, সরেজমিন এই ইউনিয়নের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেও বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দেখা মেলেনি।
এ বিষয়ে জানতে তাদের মোবাইলে যোগাযোগ করা হলেও ফোন বন্ধ পাওয়া গেছে।
আরও পড়ুন:
নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর ব্যালটে নৌকার সিল, নির্বাচন বর্জন
/বিটি/টিএন/








