বিচারহীনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণে দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে বলে অভিযোগ করছেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, গত তিনদিনে রাজশাহীতে চারজনকে হত্যা করা হলেও পুলিশ এখনও দৃশ্যমান ব্যবস্থা নেয়নি। ফলে রাজশাহীর জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
ফজলে হাসান বাদশা বলেন, ‘রাজশাহীতে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য জনগণের কাছে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। তবে রাজশাহী পুলিশ প্রশাসন আমার সঙ্গে কোনও আলোচনা করে না। ঢাকায় গিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরবো।’
তিনি আরও বলেন, ‘পুলিশ প্রশাসনে গতি না থাকায় একের পর এক এই জঘন্যতম ঘটনা ঘটে চলেছে। জাতীয় সংসদ অধিবেশনেও পুলিশের ব্যর্থতার কথা তুলে ধরা হবে।’
বাদশা বলেন, আল্টিমেটাম দিয়ে কাজ সময় মতো হয় না। তাই আল্টিমেটাম না, পুলিশই কাজ করে দেখাবে। তারা ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণ উদ্বিগ্ন জানিয়ে তিনি বলেন, নিরাপত্তা না থাকায় স্কুলে উপস্থিতি কমে গেছে। এ আতঙ্ক কাটিয়ে উঠতে আসামিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
এ সময় তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্দেশে বলেন, আপনারা দায়িত্ব পালনে সক্রিয় হোন। আপনাদের অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে, আমরা সেগুলো জানি। সেগুলো কাটিয়ে উঠে কাজ করুন, জনগণকে নিরাপত্তা দিন।
তিনি আরও বলেন, আমি নগরীতে টেন্ডারবাজি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে লড়াই করছি, এই লড়াইয়ে সাংবাদিক ও পুলিশকে পাশে পেতে চাই।
আরও পড়ুন:
কলাবাগানে সন্ত্রাসী হামলায় নিহত ২
ওয়ানডে র্যাংকিংয়ে প্রথমবার পাঁচ নম্বরে বাংলাদেশ: পাপন
/এসএনএইচ/টিএন/








