গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের গলনা গ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায় পাঁচ পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন বলে পুলিশ দাবি করে। মঙ্গলবার রাতে একটি মারামারির মামলার তদন্তকালে এ ঘটনা ঘটেছে। ফুলছড়ি থানার ওসি মো. খায়রুল বাশার এ তথ্য জানান।
আহতদের মধ্যে ফুলছড়ি থানার ওসি (তদন্ত) জামাল উদ্দিন (৫৫), সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাবেদ মিয়া (৩২) কনস্টেবল বিপু আহম্মেদ (৩২), আনোয়ারুল হক (৩০) ও নুর আলমকে (৩১) ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এছাড়া নব-নির্বাচিত ইউপি সদস্য আব্দুল গনি মণ্ডল (৪০) তার বড় ভাই আব্দুর রহমানের (৫৫) অবস্থা আশস্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়।
ফুলছড়ি থানার ওসি মো. খায়রুল বাশার জানান, ষষ্ঠ দফার নির্বাচনের পরদিন গত ৫ জুন ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নে জাতীয় পার্টি সমর্থিত পরাজিত চেয়ারম্যান প্রার্থী ইউনুস আলী এবং ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী হাসান আলীর সমর্থকরা একই ওয়ার্ডের নব-নিবাচিত সদস্য আব্দুল গণি মণ্ডলের সমর্থক আজাহার আলীর ঘরবাড়ি ভাঙচুর করেন। এই ঘটনায় আজাহার আলীর স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে মঙ্গলবার সকাল ১১টায় ফুলছড়ি থানায় মামলা দায়ের করেন।
ফুলছড়ি থানা পুলিশ ঘটনাটি তদন্তে মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে যমুনা নদীর পূর্বপাড়ে অবস্থিত ভাজনডাঙ্গা (গলনা চর) গ্রামে তদন্তে যায়। তদন্ত চলাকালে পরাজিত চেয়ারম্যান প্রার্থী ইউনুস আলী ও পরাজিত সদস্য প্রার্থী হাসান আলীর সঙ্গে নব-নির্বাচিত আব্দুল গণি মিয়ার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা আব্দুল গণির ওপর হামলা করেন। এ সময় পুলিশ তাকে উদ্ধার করার চেষ্টা করলে ঘটনাস্থলে থাকা তাদের কর্মী-সমর্থকরা পুলিশের ওপর হামলা চালান। এ সময় পুলিশ ১৪ রাউন্ড রাবার বুলেট ও ১৪ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এতে ফুলছড়ি থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিনসহ ৫ পুলিশ সদস্য ও নির্বাচিত ইউপি সদস্য আব্দুল গনি মণ্ডল এবং তার চারজন সমর্থক আহত হন। খবর পেয়ে ফুলছড়ি থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্ধার করে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মামলার প্রক্রিয়া চলছে।
আরও পড়তে পারেন: অমুসলিমরা আইএসের নতুন টার্গেট
/এমএনএইচ/








