
ভারতীয় ট্রাক চালককে মারধরের জেরে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। ফলে বন্দরের প্রধান সড়কসহ বন্দরের ভেতরে কয়েকশ’ পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে হিলি স্থলবন্দরের প্রধান সড়কে পণ্যবাহী ট্রাক দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে রাখায় বন্দরের ভেতরে কোনও ট্রাক ঢুকতে বা বের হতে পারছে না।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বন্দর কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে ভারতীয় খালি ট্রাকগুলো বন্দর থেকে বের করে নিতে রাজি হয়েছেন চালকরা। তবে ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত বন্দরের প্রধান ফটকসহ সড়কে সৃষ্ট ব্যারিকেড প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন ভারতীয় ট্রাক চালকরা।
ভারতীয় ট্রাক চালকরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় ভারত থেকে পাথর নিয়ে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন তারা। বন্দরের ভেতরে জায়গা না থাকায় বন্দরের এক্সিট গেটের সামনে প্রধান সড়কের পাশে ট্রাকগুলো রাখা হয়। এসময় বন্দরের ভেতরে বাংলা ট্রাক ঢোকানোর কাজে নিয়োজিত ট্রাক মালিক গ্রুপের শ্রমিক ভারতীয় ট্রাককে সাইট করতে বললে তারা সমস্যার কথা জানান। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ওই শ্রমিক ভারতীয় ট্রাক চালককে মারধর করে।
হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক জানান, বন্দরের ভেতরে যানজটের সৃষ্টি হওয়ায় ভারতীয় ট্রাক চালকদের বুঝিয়ে খালি ট্রাকগুলো বন্দর থেকে বের করা শুরু হয়েছে। বিষয়টি মীমাংসা করতে ট্রাক মালিক গ্রুপ ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
আরও পড়ুন:
যশোরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
বগুড়ায় মসজিদে হামলা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
/এসটি/








