কুড়িগ্রামে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঠালবাড়ি ব্রিজের উপর শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কাঠালবাড়ি ব্রিজের উপর কুড়িগ্রাম থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি নৈশকোচের সঙ্গে বিপরীতদিক থেকে আসা কুড়িগ্রামগামী একটি কয়লা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাক এবং নৈশ্যকোচের চালক ও হেলপাড়সহ ৩০ যাত্রী আহত হয়েছেন।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল ও কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করেছে। তাদের মধ্যে গুরুতর আহত ট্রাক চালক সাহেব আলীকে (৪৫)রবিবার সকালে কুড়িগ্রাম সদর হাসপাতাল থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত ট্রাক চালক কুড়িগ্রামের চিলমারী উপজেলার তজু মিয়ার ছেলে।
এই ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার ওসি মো. জমির উদ্দিন জানান, ট্রাক ড্রাইভারের মৃত্যুর খবর শুনেছি। তবে তার লাশ এখনো আনা হয়নি। দুর্ঘটনার পর থেকে ট্রাক ও কোচটি পুলিশের হেফাজতে আছে বলে তিনি জানান।
/জেবি/
আরও পড়তে পারেন : সাতক্ষীরায় ছাত্রলীগ নেতার কারাদণ্ড







