গুলশান হত্যাকাণ্ডের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের ছেলেরা জড়িত ছিল বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। রবিবার দুপুরে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
অভিযোগ করে দুলু বলেন, রাজনৈতিক পরিচয়ের প্রমাণ পেয়ে অতর্কিতভাবে তাদের (গুলশান হামলাকারীদের) গুলি করে হত্যা করা হয়েছে। আর দোষ চাপানো হচ্ছে বিএনপির নেতাকর্মীদের উপর। আমাদের প্রতিবাদ করার ক্ষমতা পর্যন্ত হরণ করে নেওয়া হয়েছে।
বিএনপির এ নেতা আরও বলেন, আমাদের নেতাকে (তারেক রহমান) জেল দিয়ে এখন তো মুচকি মুচকি হাসছেন, খুব আরামে আছে বলে মনে করছেন। কিন্তু আরাম হারাম হয়ে গেছে, আরও হারাম হবে। গত ১১ বছরে দেশের ৫ লাখ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। শুধু ভোট চোর নয়, টাকা পাচারকারীদেরও বিচার করা হবে।
জঙ্গিদের বিনাবিচারে ক্রসফায়ারে হত্যা করা হচ্ছে অভিযোগ করে দুলু বলেন, বিএনপি মনে করে যত বড় খুনি হোক না কেন তাকে আইনের আওতায় এনে তার কাছ থেকে সব তথ্য উদঘাটন করা দরকার। অথচ জঙ্গিদের বিচারের আগেই হত্যা করা হচ্ছে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, জেলা বিএনপির দফতর সম্পাদক জাহিদ হাসান মজনু, লালমনিরহাট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মমিনুল হকসহ প্রমুখ। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে উচ্চ আদালতের আপিল বিভাগের দেওয়া সাজার প্রতিবাদে লালমনিরহাট জেলা বিএনপি এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
- ‘বাজেটের অভাবে জেলাসমূহে পর্যটন অফিস নির্মাণ সম্ভব হচ্ছে না’
- সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবি’র প্রতিনিধি দল আগরতলায়
/এমও/








