রংপুরে স্ত্রী চাঁদনী রায়কে হত্যার অভিযোগে স্বামী জয় প্রকাশ বাশফোরকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় দেন।
মামলার অভিযোগে জানা যায়, রংপুর নগরীর নিউ জুম্মাপাড়ায় সুইপার কলোনির বাসিন্দা শ্রী জয় প্রকাশ বাশফোরের সঙ্গে তিন বছর আগে চাঁদনীর বিয়ে হয়। কিন্তু স্বামী সুইপার জয় বাশফোর অন্য নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। পরকীয়ার জেরে ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর রাতে কথা কাটাকাটির একপর্যায়ে জয় বাশফোর স্ত্রী চাঁদনীর গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন।
এ ঘটনায় নিহত চাঁদনীর মা শ্রীমতি তারা রায় বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পুলিশ আসামী জয় বাশফোরকে গ্রেফতার করলে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামি জয় বাশফোরকে ফাঁসির আদেশ দেন।
সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ফারুখ মো. রেজাউল করিম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মি. শুভস্তোগিন রায়।
আরও পড়ুন:
টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
/বিটি/








