গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় রাশেদা বেগম (১৯) নামে এক গৃহবধূকে ডোবার পানিতে চুবিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার এরেন্ডবাড়ি ইউনিয়নের দক্ষিণ হরিচন্ডি গ্রামে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ দুপুরে গৃহবধূ রাশেদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর ঘাতক স্বামী আল আমিন পালিয়ে গেছে। রাশেদা বেগম একই গ্রামের আমজাদ হোসেনের মেয়ে।
ফুলছড়ি থানার ওসি আব্দুল খালেক জানান, প্রায় ৭ মাস আগে রাশেদার বিয়ে হয় একই ইউনিয়নের সন্ন্যাসীর চর গ্রামের আব্দুল কাদেরের ছেলে আল-আমিনের সঙ্গে। বিয়ের পর থেকেই আল আমিন যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করতো। এরমধ্যে ঈদুল আজহার পরে গত বৃহস্পতিবার সকালে রাশেদা স্বামী আল আমিনকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। কিন্তু এখানেও (বৃহস্পতিবার) আল আমিন যৌতুকের টাকার জন্য রাশেদার মধ্যে ঝগড়া শুরু হয়।
একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কথা বলার জন্য আল আমিন স্ত্রী রাশেদাকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যান। কিন্তু রাত গভীর হলেও তাদের দুইজনের আর কেউই বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। শুক্রবার সকালে তারা বাড়ির পাশের ডোবায় রাশেদার শাড়ির আঁচল দেখতে পান। পরে পুলিশ ওই ডোবা থেকে রাশেদার মৃতদেহ উদ্ধার করেন। কিন্তু আল-আমিন কোনও হদিস পাওয়া যায়নি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাশেদা বেগমকে শ্বাসরোধ করে কিংবা পানিতে হত্যা করা হয়েছে। এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
/এমও/








