কুড়িগ্রামের ঐতিহ্যবাহী চিলমারী নৌবন্দর আবার চালু হতে চলেছে। একইসঙ্গে শুরু হতে চলেছে পায়রা বন্দরের সঙ্গে এর সংযোগ স্থাপনের কাজ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) চিলমারী নৌবন্দর পুনরায় চালুকরণ কার্যক্রমের উদ্বোধন করতে কুড়িগ্রাম আসছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শাজাহান খান এমপি।
এর আগে ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিলমারী সফরে চিলমারী থানাহাট এইউ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশে চিলমারী নৌ বন্দর পুনরায় চালু করা ও নৌবন্দরটির সঙ্গে পায়রা বন্দরের সংযোগ স্থাপনের দেওয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন।
শুক্রবারের সফরে মন্ত্রী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থল বন্দরের অবকাঠামোগত উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন। এরপর ব্রহ্মপুত্র নদ অববাহিকায় অবস্থিত চিলমারী উপজেলাধীন চিলমারী নৌবন্দর পুনঃচালুকরণ কাজের ফলক উন্মোচন করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানান, শুক্রবার সকাল সাড়ে দশটায় মন্ত্রী সোনাহাট স্থল বন্দরের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করবেন। এরপর সোনাহাট ডিগ্রী কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখবেন । মন্ত্রী বেলা পৌনে ৩ টায় চিলমারী নৌবন্দর পরিদর্শন করবেন বলে জানা গেছে।
/এইচকে/






