ঢাকার মিরপুর এলাকায় বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে ‘নিখোঁজ’ হওয়া চার কিশোরকে দুদিন পরে দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ। পরে চার কিশোরকে তাদের অভিভাবকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
বাবা-মায়ের ওপর রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাওয়া চার কিশোর ভারতে পাচার হয়ে যাচ্ছিল বলে জানায় পুলিশ। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে হিলি সীমান্তের রাজধানীর মোড় এলাকা থেকে পুলিশ তাদের উদ্ধার করে। এই চারজনই ঢাকার পল্লবীর এমডিসি মডেল ইন্সটিটিউটের নবম শ্রেণির ছাত্র।
উদ্ধার হওয়া চার কিশোর হলো- ঢাকার মীরপুর ১২নং ডি এলাকার মাহামুদুল হাসানের ছেলে ইউসুব হোসেন আরাফাত (১৬), একই এলাকার ইসরাফিল হোসেনের ছেলে ইশতিয়াক হোসেন শান্ত (১৫), কামাল হোসেনের ছেলে আব্দুল কাইয়ুম (১৫) এবং মিরপুর ৭ নং এলাকার বাবুল শেখের ছেলে রবিউল ইসলাম(১৭)।
উদ্ধার হওয়া কিশোররা জানায়, বাসায় মা-বাবা বকাবকি করার কারণে তাদের ওপর রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর একসঙ্গে তারা কমলাপুর রেলস্টেশনে গিয়ে ট্রেনে ওঠে। সেখানে তাদের সঙ্গে এক লোকের দেখা হয় যে বলে তাদের ভারতে নিয়ে গিয়ে ভালো কাজ পাইয়ে দেবে বলে জানায়।
এই চারজন আরও জানায়, তাদের ঢাকা থেকে প্রথমে লালমনিরহাট নিয়ে যায় সেই লোক। সেখানে বিভিন্ন স্থানে নিয়ে ঘোরাঘুরি করে পরে সেখান থেকে সৈয়দপুর নিয়ে আসে। পরে সেখান থেকে দিনাজপুর হয়ে হিলিতে নিয়ে আসে। এরপরই ওই লোকটি পালিয়ে যায়।
উদ্ধার হওয়ার চার কিশোরের পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তারা সবাই বাড়ি থেকে সাইকেল নিয়ে স্কুলে যায়। প্রতিদিন বিকাল ৫টার দিকে তাদের স্কুল ছুটি হয়ে যায় এবং সাড়ে ৫টার মধ্যে তারা বাড়িতে পৌঁছে যায়। কিন্তু ওই দিন সন্ধ্যা ৬টা পার হয়ে গেলেও তারা বাড়িতে আসেনি। স্থানীয়ভাবে তাদের বিভিন্ন এলাকায় অনেক খোঁজাখুঁজি করা হয়। কিন্তু কোথাও তাদের সন্ধান না পাওয়ায় পল্লবি থানায় তাদের নিখোঁজের বিষয়ে জিডি করা হয়। হাকিমপুর থানা থেকে খবর পেয়ে তারা এই কিশোরদের নিতে এসেছেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সবুর জানান, চার কিশোরের নিখোজেঁর বিষয়টি জানতে পেরে সীমান্তে নজরদারী বৃদ্ধি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। এর পরে বৃহস্পতিবার রাতে সীমান্তের রাজধানী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। তাদের পাচারের চেষ্টা চালানো ব্যক্তি পালিয়ে গেছে বলেও জানান তিনি।
আরও পড়ুন-
/এফএস/








