রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ড. মিরন ইন্টার্নি হোস্টেলে ইন্টার্নি চিকিৎসকদের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে ইন্টার্নি চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. রাকিব ও ছাত্রলীগ নেতা রাসেলকে আহতাবস্থায় রংপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ হোস্টেলে তল্লাশি চালিয়ে ১০টি রড ও ৭টি বড় ছোড়া উদ্ধার করেছে।
সহকারী পুলিশ সুপার সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাত ১০টার দিকে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা ফারহান ও উত্তমের নেতৃতে বহিরাগত একদল সন্ত্রাসী ইন্টার্নি হোস্টেলে হামলা চালিয়ে দুটি কক্ষ ভাঙচুর ও মালামাল লুট করে বলে ইন্টার্নি চিকিৎসক অ্যাসোসিয়েশন সভাপতি ডা. রাকিব তাদের জানায়। এসময় সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায় এতে তিনিসহ পাঁচজন আহত হন। খবর পেয়ে রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ড. অনিমেষ চন্দ্রসহ অন্যান্য শিক্ষক এবং পুলিশ সদস্যরা ছাত্রাবাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ ছাত্রাবাসের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে ১০টি রড ও ৭টি বড় ছোড়া উদ্ধার করে।
এ ব্যাপারে রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অনিমেষ চন্দ্র জানান, এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করে দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে সহকারী পুলিশ সুপার সাইফুর রহমান জানান, কলেজ কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে ১১টায় হোস্টেলের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
/এআর/







