ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় ক্রোকারিজ মার্কেটে (উপহার সামগ্রী) আগুন লেগেছে। সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাবনী অ্যালিমুনিয়াম নামে একটি দোকানের গুদামে শট সার্কিটের মাধ্যমে কয়েকটি দোকানে আগুন লাগে। এ ঘটনায় তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ঠাকুরগাঁও ও বালিয়াডাঙ্গী উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহরের লাবনী অ্যালিমুনিয়াম নামে একটি দোকানের পেছনের গুদাম থেকে স্থানীয়রা আগুনের ধোয়া দেখতে পায়। প্রথমে নিজেরা আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টায় ব্যর্থ হলে আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পরে। পরে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘ চেষ্টার পরে ব্যার্থ হওয়ার পর পরবর্তীতে বালিয়াডাঙ্গী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে কয়েকটি দোকান পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের একটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে যাওয়ার পথে এক শিশুর পায়ের পাতার ওপর দিয়ে চলে যাওয়ায় সে আহত হয়।তাকে রংপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে বলে ঠাকুরগাঁও হাসপাতাল সূত্র জানিয়েছে। এ ছাড়া একজন ফায়ার সার্ভিস কর্মী ও জাহাঙ্গির নামে এক যুবক আহত হওয়ার খবর দিয়েছে হাসপাতাল সূত্র।
/এআর/







