বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী ও ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে ধানের বীজ বিতরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পৌঁছেছেন। শনিবার (২৬ আগস্ট) সকাল ১০টা ৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টার গোবিন্দগঞ্জের বোয়ালীয়ায় অবতরণ করে। সেখানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারাও প্রধানমন্ত্রী সঙ্গে রয়েছেন।
পরে প্রধানমন্ত্রী গাড়িতে করে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে যান। সেখানে ত্রাণ ও বীজ বিতরণ করবেন তিনি। এরপর দলীয় নেতাকর্মী, সুধী মহল, ত্রাণ ব্যবস্থাপনা কমিটি ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। মতবিনিময় শেষে পরিষদ চত্বরেই প্রধানমন্ত্রী দুপুরে খাবার ও নামাজ আদায় করবেন। দুপুরে প্রধানমন্ত্রী বোয়ালীয়া হেলিপ্যাড থেকে হেলিকাপ্টারে করে বগুড়ার সারিয়াকান্দিতে যাবেন।
প্রধানমন্ত্রীকে একনজরে দেখতে সকাল থেকে বোয়ালীয়া হেলিপ্যাডের আশপাশ এলাকায় মানুষের ভিড় বাড়তে থাকে। সেখানে দূরদূরান্ত থেকে আসা গ্রামের মানুষও ছিলেন। তবে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকায় হেলিপ্যাডের কাছে কেউ আসতে পারেনি।
জেলা প্রশাসক গৌতম চন্দ পাল বলেন, ‘প্রধানমন্ত্রীর সব কর্মসূচি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে সব ধরণের প্রস্ততি সম্পন্ন হয়েছে। এছাড়া কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’
জেলা পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান খালেদ বলেন, ‘রংপুর-ঢাকা মহাসড়কের বোয়ালীয়া থেকে পরিষদ চত্বরের মূল ফটকসহ গোটা উপজেলা শহরে গোয়েন্দা সংস্থার পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। মাঠে রয়েছেন প্রশাসনের স্থানীয় ও ঊর্দ্ধতন কর্মকর্তারা। এছাড়া তৎপর রয়েছেন দলীয় নেতাকর্মীরাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।’
এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে সুন্দর ও সার্থক করে তুলতে স্থানীয় সংসদ সদস্য, প্রশাসন, দলের নেতাকর্মী ও এলাকাবাসীর সহযোগিতায় উপজেলা পরিষদ ও পৌরশহরকে সাজিয়ে তোলা হয়েছে।
আরও পড়ুন- আজ সারিয়াকান্দিতে আসছেন প্রধানমন্ত্রী








