একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে ৯-১০টাকা। আগামী কয়েক দিনের মধ্যে দাম আরও কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ভারতের বিভিন্ন প্রদেশে নতুন জাতের পেঁয়াজ উঠতে শুরু করেছে। ফলে পেঁয়াজের সরবরাহ ও আমদানিও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বন্দর দিয়ে দৈনিক ৩০-৩৫ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। সে হিসাবে, চলতি মাসের ১-৯ নভেম্বর পর্যন্ত বন্দর দিয়ে ৫ হাজার ৫৬২ টন পেঁয়াজ আমদানি হয়েছে।
স্থলবন্দর ঘুরে দেখা গেছে, আমদানিকৃত পেঁয়াজ প্রকারভেদে পাইকারিতে (ট্রাকসেল)৩৭-৪২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একদিন আগেও দাম ছিল ৪৭-৪৮ টাকা। বাংলাহিলি বাজার ঘুরে দেখা গেছে, আমদানি করা পেঁয়াজ কিছুটা নিম্নমানের হওয়ায় এটা ৩৫-৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন ও মামুনুর রশীদ লেবু বাংলা ট্রিবিউনকে বলেছেন, সরবরাহ বেড়ে যাওয়ার ফলে বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বেড়ে গেছে। এতে করে দেশের বাজারে পেঁয়াজের দামও কিছুটা কমতে শুরু করেছে।








