বিদ্যুৎ বিল প্রণয়নে অনিয়ম ও ঘুষ-দুর্নীতিবন্ধসহ ১০ দফা দাবিতে গাইবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছেন সেচ পাম্প মালিকরা। রবিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
জেলার বিভিন্ন এলাকা থেকে বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিকরা মিছিল নিয়ে গাইবান্ধা পিডিবি কার্যালয়ে যান। এসময় পুলিশ পিডিবি কার্যালয়ে ঢুকতে বাধা দিলে তারা বিদ্যুৎ উন্নয়ন অফিসের প্রধান গেটে অবস্থান নেন এবং সমাবেশ করেন।
সেখানে বক্তব্য রাখেন, ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, পল্লী বিদ্যুৎ গ্রাহক সেচ মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, বাসদ নেতা গোলাম রব্বানী, বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আনউর রহমান, সভাপতি সিরাজুল ইসলাম, আলহাজ আহমেদুর রহিম, মাহবুবুর রহমান সুমন প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, কোনও ধরণের মিটার ছাড়া ২০১৪ সাল থেকে অতিরিক্ত বিলের মাধ্যমে সেচ পাম্প মালিকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে গাইবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
তারা আরও অভিযোগ করেন,ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্তে অর্থ আত্মসাতের বিষয়টি প্রমাণিত হলেও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত এসব অনিয়ম-দুর্নীতির প্রতিকার দাবি করেন তারা।
খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিষয়টি নিরসনের আশ্বাস দিলে কর্মসূচি তুলে নেয় গ্রাহকরা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
আরও পড়ুন: রংপুরের সেই টিটু রায়কে খুঁজে পাচ্ছে না ফতুল্লার পুলিশ







