দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। পাশাপাশি বাজারে দেশি জাতের পেঁয়াজ উঠতে শুরু করায় বাজারে আমদানিকৃত পেয়াজের চাহিদা কমেছে। ফলে দুদিনের ব্যবধানে হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমেছে ১৪ থেকে ১৬ টাকা।
সরেজমিন হিলি স্থলবন্দর ঘুরে দেখা গেছে, ভারত থেকে ইন্দোর, নাসিক ও দক্ষিণ অঞ্চলে জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। এই তিন জাতের পেঁয়াজ প্রতি কেজি পাইকারীতে (ট্রাকসেল) ৫৪ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। দুইদিন পূর্বে এসব জাতের পেঁয়াজ প্রকারভেদে ৭০ থেকে ৭৪ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।
বাংলাহিলি বাজার ঘুরেও একই দৃশ্য দেখা গেছে। প্রত্যেক জাতের পেঁয়াজের দাম কমেছে ১৪ থেকে ১৬ টাকা। এছাড়া বাংলাহিলি বাজারে দেশি জাতের পাতা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে।
হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি মো.হারুন উর রশীদ হারুন বাংলা ট্রিবিউনকে বলেন, 'ভারত থেকে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। এছাড়া বাজারে নতুন জাতের দেশি পেঁয়াজ উঠেছে। এর ফলে মাত্র দুইদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৪ থেকে ১৬ টাকা করে। এ কারণে আমাদের লোকশান গুনতে হচ্ছে।'
তিনি আরও জানান, বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ আরও বাড়বে। এর ফলে পেঁয়াজের দাম সামনে আরও কমবে।








