দিনাজপুরে ইতালীয় নাগরিক ও ধর্মযাজক ডা. পিয়েরো পারোলারিকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় পাঁচ জেএমবি সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক শ্রী বিশ্বনাথ মণ্ডল এই অভিযোগ গঠন করেন। আগামী ১৩ ডিসেম্বর থেকে এ মামলার সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরুর আদেশও দেন তিনি।
দিনাজপুর পুলিশ কোট পরিদর্শক রবিউল ইসলাম জানান, দুপুরে আদালতের বিচারক পাঁচ জেএমবি সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ১৩ ডিসেম্বর মামলার এজাহারকারীসহ তিন জনের সাক্ষ্যগ্রহণ করার নির্দেশ দেন। গোয়েন্দা পুলিশের দেওয়া অভিযোগপত্রে এই মামলায় সাত আসামি থাকলেও দুই জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
চার্জ গঠনে অভিযুক্ত আসামিরা হলেন জেএমবির শীর্ষ ক্যাডার শরিফুল ইসলাম ওরফে ডেনিস, জেএমবি নেতা মোসাব্বিরুল আলম খন্দকার, সাখাওয়াত হোসেন ওরফে শফিক, সারওয়ার হোসেন বাবু ওরফে মিজান ও আব্দুর রহমান পিন্টু।
২০১৬ সালের ৩০ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই বজলুর রশিদ এ মামলায় সাত আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই বছরের ১৪ জুলাই মামলাটির অভিযোগপত্র আমলে নেন আদালত।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৮ নভেম্বর দিনাজপুর শহরের সুইহারী বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে ইতালীয় নাগরিক ও ধর্মযাজক ডা. পিয়েরো পারোলারিকে গুলি করে হত্যার চেষ্টা করে একদল দুর্বৃত্ত। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। এ ঘটনায় দিনাজপুর কসবা মিশনের ফাদার ফিলাস কুজুর বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। মামলাটি পরবর্তীতে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।








