গাইবান্ধা সাদুল্যাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহরিয়া (৭) ও মোহাম্মদ আসল (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শাহরিয়া সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে ও মোহাম্মদ আলী একই ইউনিয়নের তাজপুর গ্রামের সেজ্জাদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মহেশপুর গ্রামের শাহীন মিয়ার বাড়ির বিদ্যুৎ সংযোগের তারের সঙ্গে লেগে তার বাড়ির টিনের বেড়া অসাবধনতাবশত বিদ্যুতায়িত হয়ে পরে। এসময় দুই শিশু খেলতে খেলতে ওই বেড়া স্পর্শ করলে দুইজনেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যায়।
ফরিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নীরব জানান, শিশু মোহাম্মদ আলী দীর্ঘদিন থেকে তার নানা আজাহার আলীর বাড়িতে বসবাস করে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন জানান, এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শক করেছে। এছাড়া এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।








